এক সপ্তাহের মাথায় টুইটার ছাড়লেন মেগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগ সাইট টুইটারে মেগান ফক্সের মৃত্যু গুজব ছড়িয়ে পড়লে গুজব ঠেকাতে গত ৩ জানুয়ারি নিজের নামে টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন এই হলিউডের অভিনেত্রী। প্রথম টুইটেই জানিয়েছিলেন নিজের বেঁচে থাকার খবর। কিন্তু টুইটারকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে মাত্র এক সপ্তাহের মাথায় অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছেন মেগান।টুইটারে যোগ দেওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে আড়াই লাখ অনুসারী জুটিয়ে ফেলেছিলেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী। গত ৯ জানুয়ারি বুধবার এক টুইটে মেগান লিখেছিলেন, ‘টুইটারে পাঁচ দিন কাটালাম। কিন্তু এখন পর্যন্ত এর নতুনত্ব কিংবা বিশেষত্ব আবিষ্কার করতে পারিনি। এটাকে অর্থহীন বলেই মনে হচ্ছে আমার কাছে।’ এর একদিন পর মেগান তাঁর ফেসবুক পাতায় লেখেন, ‘অপছন্দের কোনো কিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পারি না আমি। আপনাদের কেউ কেউ হয়তো লক্ষ্য করেছেন, এরই মধ্যে আমি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলি মেইল।মেগান আরও লিখেছেন, ‘আমার প্রিয় টুইটার অনুসারীদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। দুঃখজনক হলেও, এখন থেকে আমাকে আর খুঁজে পাবেন না আপনারা। এজন্য আমি খুবই দুঃখিত। সামাজিক যোগাযোগের জন্য ফেসবুকের মাঝেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখতে চাই আমি।’