চৈত্রের শেষ বেলা। আকাশ থেকে আলোর রেশ মিশে যাওয়ার পরপরই সূচনা হলো সাংস্কৃতিক উৎসবের। গতকাল বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মিলনায়তনে ছিল এ আয়োজন।‘এক হই একতায়’—এ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বুয়েটের সাংস্কৃতিক সংঘ মূর্ছনা। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নর্থ-সাউথ ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি।অনুষ্ঠানের প্রথম দিনে দলীয় নৃত্য পরিবেশন করেন মূর্ছনার শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন কাশফিয়া নাহরীন, আফসানা হক, জুঁই হালদার, মেহেলী মোহনা, রিফাত আরা ও নার্গিস কুসুম। এরপর দেশাত্মবোধক গান পরিবেশন করেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির অলোক কুমার পরিবেশন করেন শাস্ত্রীয় সংগীত। নুসরাত জাহান পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’।অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। অতিথি ছিলেন বুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক সেলিয়া শাহনাজ। সভাপতিত্ব করেন মূর্ছনার সভাপতি আহসান সুমিত। উৎসবে সহায়তা দিচ্ছে প্রথম আলো ও শেলেটক্। আনিসুল হক বলেন, মূল্যবোধ তৈরি করতে শিল্প-সংস্কৃতির স্পর্শ জরুরি। জীবনটা উপলব্ধি করতে আপন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। আর তা সম্ভব শিক্ষা, সংস্কৃতি ও বই পড়ার মধ্য দিয়ে। তিনি আরও বলেন, প্রকৌশলশাস্ত্রের শিক্ষার্থীদের পড়াশোনার প্রচণ্ড ব্যস্ততা থাকে। তবে এর মধ্যেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিল্প-সংস্কৃতিচর্চা ভালো মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠে। সেলিয়া শাহনাজ বলেন, প্রকৌশল বিষয়ে পড়াশোনা করে শুধু প্রকৌশলী হতে হবে—এমন ধরাবাঁধা নিয়ম নেই। শিক্ষার্থীদের মনের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায়। এতে থাকবে সংগীত ও নৃত্য।টিএসসিতে প্রতিবাদী গণসংগীতপ্রতিবাদী গণসংগীতের দুই দিনের আয়োজন শেষ হলো গতকাল বুধবার থেকে। সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণসংগীত সমন্বয় পরিষদ মঙ্গলবার থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর। সঞ্চালনা করেন মানজার চৌধুরী।পরে দলীয় গণসংগীত পরিবেশন করেন ঋষিজ, ক্রান্তি, দৃষ্টি, আনন্দন ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা। একক কণ্ঠের শিল্পীদের মধ্যে ছিলেন নমিতা ঘোষ, আবিদা রহমান, বিমান চন্দ্র বিশ্বাস ও মনোরঞ্জন ঘোষাল। আবৃত্তি করেন রেজিনা ওয়ালী। দলীয় আবৃত্তিতে ছিল স্বরশ্রুতি। শিশু বইমেলাশিশু একাডেমী প্রাঙ্গণে গতকাল শিশু বইমেলায় শিশু-কিশোরদের সমাগমে পরিবেশ প্রাণচঞ্চল হয়ে ওঠে। ১০ দিনব্যাপী বইমেলার গতকাল বুধবার ছিল চুতর্থ দিন। অন্যান্য দিনের মতো মেলার দ্বার খুলেছে বেলা তিনটায়। আগের দিনগুলোর তুলনায় গতকাল যেমন লোকসমাগম বেড়েছে, তেমনি বেড়েছে বেচাকেনাও।বিকেল পাঁচটায় মেলার শহীদ মতিউর মঞ্চে ছিল ‘সব ধরনের বই পড়ি/রেজাল্ট ভালো করি’ শীর্ষক আলোচনা। মূল আলোচক ছিলেন গবেষক মোহাম্মদ মারুফ খান। উপস্থিত শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তাঁর কথা শোনে এবং পরে তারা মুক্ত আলোচনায় অংশ নেয়।আজ বৃহস্পতিবার মেলা শুরু হবে বেলা তিনটায়। মেলার মঞ্চে ‘বাংলা ভাষা ও বাংলাদেশকে কেন আমরা ভালোবাসব’ বিষয়ে আলোচনা করবেন বিশ্বজিৎ ঘোষ। আরও থাকবে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে ঘুড়ি তৈরিবিষয়ক কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী।বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আলোচনাবিশ্ব কবিতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় বাংলা একাডেমী আলোচনা সভার আয়োজন করেছে। সৈয়দ ওয়ালীউল্লাহ সেমিনার কক্ষে এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেবেনে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি সাজ্জাদ শরিফ ও রাজু আলাউদ্দিন। সভাপতিত্ব করবেন কবি সৈয়দ শামসুল হক।রূপশিল্পের দেশঢাকা আর্ট সেন্টারে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে শিল্পী সোহেল রানা প্রাননের দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘রূপশিল্পের দেশ’ নামের ছয় দিনের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, বিশেষ অতিথি থাকবেন শিল্পী জামাল আহমেদ, সভাপতিত্ব করবেন স্থপতি শামসুল ওয়ারেস। প্রদর্শনী বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকেব। চলবে ২৭ মার্চ পর্যন্ত।