এক হচ্ছেন তিন খান!
অবিশ্বাস্য হলেও খবর সত্য, এক হচ্ছেন বলিউডের তিন খান—সালমান, আমির ও শাহরুখ। এই নভেম্বরেই বলিউডের প্রভাবশালী তিন ‘খান’ সালমান, আমির ও শাহরুখকে এক মঞ্চে দেখার সুযোগ পেতে যাচ্ছেন তাঁদের ভক্তরা। ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) জন্য তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ মাতাবেন এ তিন তারকা। এ প্রসঙ্গে এফডব্লিউআইসিইর সভাপতি ধর্মেশ তিওয়ারির উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বড় ও ছোট পর্দার শিল্পী ও কলাকুশলীদের কল্যাণের লক্ষ্যে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সালমান, আমির, শাহরুখসহ ভারতের বেশ কয়েকজন টেলিভিশন ও চলচ্চিত্রতারকাদের সঙ্গে আলোচনা চলছে। তাঁদের অংশগ্রহণে জমকালো একটি অনুষ্ঠান সবাইকে উপহার দেওয়ার আশা করছে এফডব্লিউআইসিই।এ ছাড়া এফডব্লিউআইসিইর সাধারণ সম্পাদক দীনেশ চতুর্বেদি জানিয়েছেন, এ অনুষ্ঠানে অংশ নেবেন ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, গায়ক শানের মতো জনপ্রিয় শিল্পীরা। সবকিছু ভালোয় ভালোয় সম্পন্ন হলে, এ অনুষ্ঠান থেকে অন্তত ছয় কোটি ভারতীয় রুপির তহবিল গঠন করা সম্ভব হবে।দীনেশ চতুর্বেদি আরও জানিয়েছেন, এর আগে ২০১০ সালেও এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছোট ও বড় পর্দার ৫২ জন তারকা অংশ নিয়েছিলেন ওই অনুষ্ঠানে। আর্থিক সংকটে থাকা শিল্পীদের সাহায্যার্থে তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত সেই অনুষ্ঠানে সবাই আন্তরিকভাবে তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।