একই অ্যালবামে তপন ও শুভমিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তপন চৌধুরীর সঙ্গে এবার একই অ্যালবামে গান করবেন ভারতের পশ্চিমবঙ্গের এ সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতা। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করবেন আরফিন রুমী। এরই মধ্যে অ্যালবামে গান গাওয়ার ব্যাপারে মুঠোফোনে তপন ও শুভমিতার আলোচনা হয়েছে। তপন চৌধুরী বলেন, ‘শুভমিতা নিঃসন্দেহে একজন ভালো শিল্পী। অনেক দিন ধরে তাঁর গান শুনছি। এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এটা আসলে অনেক ভালো লাগার ব্যাপার। আশা করছি অ্যালবামটির মাধ্যমে বাংলাদেশের শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে পারব।’অ্যালবামে কাজ করা প্রসঙ্গে কথা হয় শুভমিতার সঙ্গে। মুঠোফোনে কলকাতা থেকে তিনি বললেন, ‘তপন চৌধুরীর সঙ্গে আমার প্রথম আলাপ হয় দেশ টিভির কলের গান অনুষ্ঠানে। তিনি আমাকে শুভেচ্ছা জানাতে সেদিন অনুষ্ঠানে ফোন করেছিলেন। কলকাতায় ফিরে আসার পর দুরবিন ব্যান্ডের শহীদের মাধ্যমে তাঁর সঙ্গে একটি দ্বৈত অ্যালবামের ব্যাপারে আলোচনা হয়। তাঁর মতো বড় মাপের একজন শিল্পীর সঙ্গে কাজ করতে যাচ্ছি—এটা ভেবে বেশ ভালো লাগছে।’শুভমিতা জানালেন, আগামী মার্চে তিনি ঢাকায় আসবেন। তখনই অ্যালবামটির কাজ করবেন।গত কোরবানির ঈদে দেশ টিভির কলের গান অনুষ্ঠানে গান করার জন্য ঢাকায় এসেছিলেন শুভমিতা। তখন প্রথম আলোর সঙ্গে আলাপের সময় তিনি বাংলাদেশে অ্যালবাম করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তপন চৌধুরী ও শুভমিতার এই অ্যালবামে গান থাকবে ১০টি। এর মধ্যে দ্বৈত কণ্ঠে গাওয়া হবে চারটি গান।শুভমিতা এরই মধ্যে বাংলাদেশের আরও একটি দ্বৈত অ্যালবামে গান করেছেন। ওখানে তিনি শহীদের সঙ্গে গান করেছেন। শহীদ জানান, ওই অ্যালবামটি আগামী ভালোবাসা দিবস অথবা পয়লা বৈশাখে বাজারে আসবে।