একই আয়োজনে চার ধারার গান
শুদ্ধ সংগীত, জ্যাজ, বাউল ও সমকালীন—এই চার ধারার গান নিয়ে আয়োজন করা হয়েছে ‘বাউল অ্যান্ড বিয়ন্ডস’ কনসার্টের। বাংলা ব্যান্ডের আয়োজনে কনসার্টটি হবে ২১ ফেব্রুয়ারি হোটেল র্যাডিসনে।বাংলার অন্যতম সদস্য আনুশেহ আনাদিল বললেন, ‘ফিউশন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। তারই একটা অংশ এই আয়োজন। তবে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমাদের বাউলগান, বিশেষ করে লালনের গানকে আন্তর্জাতিক পর্যায়ে আরও ওপরে তুলে ধরা।’ কনসার্টে গান করবে বাংলা, তালতন্ত্র, জ্যাজমিন এবং কুষ্টিয়ার লালনের আখড়ার কয়েকজন বাউল। ভারতের বিশিষ্ট তবলিয়া পণ্ডিত তন্ময় বোস গড়েছেন গানের দল তালতন্ত্র। জ্যাজমিন যুক্তরাষ্ট্রের জ্যাজ গানের ব্যান্ড। গ্র্যামিসহ অসংখ্য পুরস্কার জিতেছে দলটি। বাউলেরা নিজস্ব সংগীতায়োজনের পাশাপাশি তালতন্ত্রের সঙ্গেও গান করবেন। আয়োজকদের মতে, এর ফলে ভিন্ন ধরনের ফিউশন উপভোগ করবে ঢাকার শ্রোতারা।‘বাউল অ্যান্ড বিয়ন্ডস’ কনসার্টের এটি দ্বিতীয় আয়োজন। গত মাসে কলকাতায় অনুষ্ঠিত হয় প্রথমটি। বাংলার আরেক সদস্য বুনো বললেন, ‘আমাদের ইচ্ছে আছে বাউল অ্যান্ড বিয়ন্ডস নিয়ে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে গান করার।’ তাঁরা জানান, ১৪ ফেব্রুয়ারি থেকে যাত্রার ধানমন্ডি ও গুলশানের শোরুমে কনসার্টের টিকিট পাওয়া যাবে।