একই ঈদে ২০টি নাটক
এবার ঈদে মীর সাব্বির অভিনীত ২০টি নাটক দেখানো হবে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদ, সাইদুল আনাম টুটুল, সালাহউদ্দিন লাভলু, মোহন খান, কায়সার আহমেদ, ফজলুর রহমান, সুমন আনোয়ার, নুরুল আলম আতিক, গোলাম সোহরাব দোদুল, আশরাফী মিঠু, জয়, সেলিম আজমসহ আরও কয়েকজন পরিচালকের নাটক। থাকছে সাব্বিরের নিজের পরিচালনায় একটি নাটক কাঁচা গাব পাকা গাব। সাব্বির জানান, এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ হয়েছে। একুশে টিভিতে গত ঈদে দেখানো হয়েছিল মেহেরজানের স্বপ্নবিলাস। তারই সিক্যুয়াল হিসেবে এবার ঈদের জন্য তৈরি হচ্ছে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক মেহেরজান গুলগুলে আজম। নাটকটি লিখেছেন খলিলুর রহমান আর পরিচালনা করছেন কায়সার আহমেদ। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নিজের পরিচালিত নাটক কাঁচা গাব পাকা গাব প্রসঙ্গে জানালেন, এটি সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে। দুই প্রজন্মের ভাবনার মধ্যে যে ফারাক, তা নিয়েই তৈরি হয়েছে গল্পটি। একই ঈদে নিজের এতগুলো নাটক প্রচারের ব্যাপারে সাব্বির বললেন, ‘এখন তো অনেক চ্যানেল। নাটকগুলো কিন্তু একই সময়ে দেখানো হবে না। আর যাঁদের নাটক করছি, সেই পরিচালকদেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবার কোনো গতানুগতিক চরিত্রে অভিনয় করছি না। প্রতিটি চরিত্রেই ভিন্নতা আছে। আর গল্পগুলোকেও একই রকম মনে হবে না।’