একই উৎসবে পাঁচটি নাটকের ৫০তম প্রদর্শনী
উৎসবের নাম ‘পঞ্চদশের পঞ্চদিন’। আয়োজন করেছে নাট্যতীর্থ। উৎসবে অংশ নিচ্ছে পাঁচটি নাটক। নাটকগুলো হলো লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) মাঝ রাতের মানুষেরা, থিয়েটার আর্ট ইউনিটের আমিনা সুন্দরী, নাট্যতীর্থের দ্বীপ ও কমলা সুন্দরী এবং সময়ের শেষ সংলাপ। এই পাঁচটি নাটকের প্রতিটিরই ৫০তম প্রদর্শনী হবে এই উৎসবে। তাই ‘পঞ্চদশের পঞ্চদিন’ উৎসব পেয়েছে অন্য মাত্রা।
নাট্যতীর্থের আহ্বায়ক তপন হাফিজ বললেন, ‘আমাদের এই উৎসবের স্লোগান—পঞ্চাশে প্রবীণ পঞ্চাশে নবীন। উৎসব তো প্রায়ই হচ্ছে, তবে আমরা নতুন কিছু করতে চেয়েছি। আমাদের উৎসব উদ্বোধন করবেন আইটিআইয়ের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। এ ছাড়া প্রতিদিন নাটকগুলোর সুবর্ণজয়ন্তী প্রদর্শনীর উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন পাঁচজন বরেণ্য নাট্যব্যক্তিত্ব।’
তপন হাফিজ জানান, নাট্যতীর্থকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—এমন পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে।
উৎসব শুরু হচ্ছে ১৩ জুন। চলবে ১৭ জুন পর্যন্ত।