একই গানে আরেকটি বিজ্ঞাপনচিত্র
‘তোমার জন্য মরতে পারি’ গানটির কথা মনে আছে? বছর ছয়-সাতেক আগে নোবেলের একটি বিজ্ঞাপনচিত্রে ব্যবহার করা হয়েছিল গানটি। ওই বিজ্ঞাপনচিত্রে নোবেলের সঙ্গে আরও ছিলেন ভারতের কলকাতার শিল্পী রেশমি। সেই গানটি নিয়ে এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্র তৈরি হচ্ছে। একই প্রতিষ্ঠানের নতুন পণ্যের বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয় করছেন নোবেল। তবে এবার তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন এ দেশের নতুন দুজন শিল্পী—ইমরান আর বিপাশা। গানটিতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়, আর এটি তৈরি হয়েছিল মুম্বাইতে। নোবেল জানালেন, এবার গানটির রিমিক্স করেছেন ফুয়াদ। কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমী। নতুন এই বিজ্ঞাপনচিত্রটির কাজ হয়েছে সাভার গলফ ক্লাবে। একটি মেয়ে নোবেলকে খুব পছন্দ করে। মেয়েটিকে যে ছেলেটি ভালোবাসে, সে ব্যাপারটি জানে। একদিন মেয়েটিকে চমকে দিতে নোবেলের মুখোশ পরে আসে। দূরে গলফ খেলছিলেন নোবেল। দেখে তিনি এগিয়ে এলেন। এরপর অন্য গল্প।নোবেল বলেন, ‘এ পর্যন্ত ৩০টার মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। তবে একই গানের রিমিক্স নিয়ে এবারই প্রথম দ্বিতীয় আরেকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি।’