
সাফটা চুক্তির আওতায় আমদানি-রপ্তানি নীতিমালার মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ–কলকাতায় ছবি বিনিময় হয়ে আসছে। কিন্তু কলকাতা থেকে আমদানি করা ছবিগুলো এখানে এনে আমদানিকারকেরা খুব একটা লাভবান হচ্ছেন না। কারণ, কলকাতায় মুক্তির তিন-চার মাস কিংবা আরও পরে ছবিগুলো বাংলাদেশে মুক্তির সুযোগ হয়। তত দিনে ছবিগুলো পাইরেসি কিংবা ইউটিউব, অ্যাপস বা টেলিভিশনে প্রচারিত হয়। ফলে এখানে মুক্তির পর ছবিগুলো দেখতে উত্সাহিত হন না দর্শকেরা। এতে একদিকে আমদানিকারকদের যেমন লোকসান গুনতে হচ্ছে, পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের আকালের দিনে আমদানি করা ছবিগুলোর মাধ্যমে হল বাঁচানোর চেষ্টাও ব্যর্থ হচ্ছে।
সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, আমদানি করা ছবিগুলো এ দেশে দ্রুত আসতে যে বাধা আছে, তা দূর করা হোক। তাঁরা চান, তথ্য মন্ত্রণালয় এমন একটি পরিবেশ তৈরি করুক, যাতে কলকাতার সঙ্গে একই দিনে আমদানিতে বাংলাদেশে আসা ছবিগুলো মুক্তি পেতে পারে। এর আগে আমদানিতে আনা ছবি নিয়ে বিরোধিতা করলেও এখন কলকাতার সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তির পক্ষে মত দিয়েছেন বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘বিগত দিনে আমদানি করা প্রায় সব ছবিই লোকসান হয়েছে। এভাবে চললে তো কেউই আর ছবি আমদানি করবেন না। যেহেতু দেশি ছবির অভাব, তাই দেশে যে হলগুলো আছে, সেগুলো অন্তত আমদানি করা ছবির মাধ্যমে বাঁচুক। আমি চাই, কলকাতায় যে ছবিটি নতুন মুক্তি পাচ্ছে, সেটাও আমদানির মাধ্যমে বাংলাদেশে একই দিনে মুক্তি পাক। এ জন্য আমদানিকারকদের আবেদন, দ্রুতই ছাড় দিয়ে ছবি আনার পথ সহজ করে দিতে হবে তথ্য মন্ত্রণালয়কে।’
খোরশেদ আলম আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করেছি। আমাদের চলচ্চিত্রের পরিবারের আহ্বায়ক ফারুক ভাইও বেশ কয়েক জায়গায় এ ব্যাপারে কথা বলেছেন। আমরা বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে বসব।’
আমদানিতে আনা ছবিগুলো দেরিতে বাংলাদেশে দেখানোর নানা কারণ আছে। অনুমতিপত্র মাসের পর মাস তথ্য মন্ত্রণালয়ে আটকে থাকা এবং দেরিতে সেন্সর হওয়া এর মধ্যে উল্লেখযোগ্য। এই প্রযোজক নেতা জানান, কলকাতার ছবিগুলোর মুক্তির তারিখ আগেই নির্ধারিত হয়। একই দিনে বাংলাদেশে ছবি মুক্তির জন্য কোনো আমদানিকারক মন্ত্রণালয়ে আবেদন করলে মন্ত্রণালয় যেন সপ্তাহখানেকের মধ্যেই অনুমতি দেয়। যাতে দ্রুত ছবিটি বাংলাদেশে এনে সেন্সর করাতে পারে। সেই ব্যবস্থা করতে হবে।
প্রায় তিন বছর ধরে ছবি আমদানি করছে এন ইউ ট্রেডার্স। পোস্ত, অভিমান, ভিলেন, জিও পাগলা, চালবাজসহ অনেক ছবি আমদানি করেছে এই প্রতিষ্ঠান। সব কটি ছবিতে লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এন ইউ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহা. কিবরিয়া বলেন, ‘এ পর্যন্ত যত ছবি আমদানি করে এখানে মুক্তি দিয়েছি, সব কটিতেই লোকসান হয়েছে। কারণ, মন্ত্রণালয়ের অনুমতি পেতেই তিন–চার মাস করে সময় গেছে। তত দিনে ছবিগুলো পাইরেসি, না হয় ইউটিউব, অ্যাপস বা টেলিভিশনে মুক্তি পেয়ে গেছে। ফলে হলে গিয়ে ছবিগুলো আর নতুন করে দেখেননি দর্শকেরা।’
এই প্রযোজক নেতা আরও জানান, মন্ত্রণালয়ের অনুমতি নিতে সময় লাগে। কারণ, মন্ত্রণালয়ে আমদানির আবেদনের সঙ্গে কলকাতার ছবির সেন্সর সনদ জমা দিতে হয়। কিন্তু আমদানির পর আবারও বাংলাদেশে সেন্সর হয় ছবিটির। যেহেতু এখানে সেন্সর হয়ই, তাই আবেদনের সঙ্গে ওই সেন্সরের সনদটি অপ্রয়োজনীয় মনে হয়। তা ছাড়া আবেদনের অনুমোদনপত্র আমদানি-রপ্তানি কমিটির সভাপতিই দিতে পারেন। কিন্তু সভাপতির অনুমতির পরও চিঠিটি মন্ত্রীর কাছে যায়। তাঁর অনুমতি পেতে আরও প্রায় ১৫ দিন লেগে যায়। এই বিষয়গুলো তথ্য মন্ত্রণালয় গুরুত্ব দিলেই অনেকাংশেই অনুমতির দীর্ঘসূত্রতার সমস্যা কেটে যাবে।
বাংলাদেশ শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমিও চাই, একই দিনে অথবা কলকাতায় মুক্তির এক সপ্তাহের মধ্যে এখানে মুক্তি পাক আমদানির ছবি। তাহলে প্রযোজকেরাও লোকসান থেকে রক্ষা পাবেন, হলের মালিকদের হাতেও কিছু টাকা আসবে। কারণ, এখন তো দেশীয় ছবির অভাব। আমদানি করা ছবি কলকাতায় মুক্তির দু–তিন মাস পরে এখানে মুক্তি পেলে সেই ছবি চলে না।’
মিশার বক্তব্য, প্রযোজক–পরিবেশক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতি একসঙ্গে মিলে মন্ত্রণালয়ের কাছে একটা পরিকল্পনা দিতে পারে, যাতে এই সমস্যার সমাধানে আসা যায়।
বিবাহ অভিযান, ইন্সপেক্টর নটি কেসহ বেশ কয়েকটি কলকাতার ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। ভয় নামে আরেকটি ছবির শুটিং চলছে তাঁর। নুসরাত ফারিয়ার মুক্তিপ্রাপ্ত ছবিগুলো এরই মধ্যে আমদানিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে। ছবিগুলো সেভাবে আলোচনায় আসেনি। নুসরাত ফারিয়া মনে করেন, ছবিগুলো কলকাতায় মুক্তির বেশ অনেক দিন পরে বাংলাদেশে আমদানিতে মুক্তি পেয়েছে। তত দিনে ছবিগুলো নিয়ে বাংলাদেশের দর্শকেরা আগ্রহ হারিয়ে ফেলেন।
এই অভিনেত্রী বলেন, ‘কলকাতায় মুক্তির দিনই কিংবা এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে মুক্তি পেলে এখানকার দর্শকেরা ছবিগুলো দেখতে হলমুখী হতেন। আমদানিকারকেরা ও হলমালিকেরাও লাভবান হতেন। কিন্তু আমদানির প্রক্রিয়াটিতে দীর্ঘ সময় লাগার কারণে তা হচ্ছে না। প্রক্রিয়াটি নিয়ে সংশ্লিষ্টদের নতুন করে ভাবার বিষয় আছে।’