একই দিনে দুই দেশে রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহি ছবি: প্রথম আলো
রুহি ছবি: প্রথম আলো

বিয়ের পর এখনো যুক্তরাজ্যে শ্বশুরবাড়িতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী রুহি। তাই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে আপাতত একটু দূরেই আছেন। কিন্তু তিনি দূরে গেলে কী হবে? খবর তো আর থেমে থাকে না। রুহিকে নিয়ে নতুন খবর হলো, আসছে ফেব্রুয়ারিতে দুই দেশে একই দিনে মুক্তি পাবে তাঁর দুটো ছবি। বাংলাদেশে জিরো ডিগ্রি আর ভারতে গ্ল্যামার—দুটোই মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি, যুক্তরাজ্য থেকে এমনটাই জানালেন রুহি।
অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি ছবিতে রুহিকে দেখা যাবে মাহফুজ আহমেদ ও জয়া আহসানের সঙ্গে। এর আগে ছবির গান প্রকাশের সময় মাহফুজ জানিয়েছিলেন, শীত জেঁকে বসলেই আসবে জিরো ডিগ্রি। সে কারণে শীতের শেষে, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
অন্যদিকে, কলকাতায় রুহি অভিনীত ছবি গ্ল্যামার-এর ট্রেইলারও সম্প্রতি এসেছে ইউটিউবে। ছবিতে রুহির সঙ্গে আরও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি ও পার্নো মিত্র। কলকাতা থেকে এ ছবির পরিচালক মহুয়া চক্রবর্তী জানান, ছবিটি কলকাতায় মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি। এ বছরই মুক্তি পায় রুহির প্রথম ছবি সংগ্রাম। এটি পরিচালনা করেছেন যুক্তরাজ্যপ্রবাসী নির্মাতা মনসুর আলী। গত সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন রুহি ও মনসুর।