একই দিনে দুই বাংলায় ফেরদৌস

একই দিনে ঢাকা ও কলকাতায় মুক্তি পেয়েছে ফেরদৌসের দুটি ছবি। ঢাকার ছবিটি বৃহন্নলা, পরিচালক মুরাদ পারভেজ আর কলকাতার ছবিটি আকর্ষণ, পরিচালক দেবরাজ সিং। ছবি দুটি মুক্তি পেয়েছে গত শুক্রবার।
মনে রাখার মতো ঘটনা তো বটেই। তবে ফেরদৌস বললেন, ‘এমনটি আরও একবার হয়েছিল বছর সাতেক আগে। তখনো একই দিনে ঢাকা ও কলকাতা থেকে আমার দুটি ছবি মুক্তি পেয়েছিল। ঢাকার ছবিটি ছিল খেয়াঘাটের মাঝি আর কলকাতারটি আমাদের সংসার।’
বৃহন্নলা ছবির গল্প একটি পুরোনো বটগাছ আর তার আশপাশের খাসজমি নিয়ে গ্রামের মুসলমান ও হিন্দুদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে। করপোরেট জগতের রাজনীতি নিয়ে তৈরি হয়েছে আকর্ষণ ছবির গল্প। বৃহন্নলাতে অভিনয় করেছেন ফেরদৌস ও সোহানা সাবা। আকর্ষণ ছবিতে ফেরদৌসের সঙ্গে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও সমদর্শী দত্ত।
ফেরদৌস বললেন, ‘একই দিনে দুই দেশে ছবি মুক্তি পাওয়ার ব্যাপারটা আমার জন্য খুবই আনন্দের। তবে একই দিনে দুটি ছবি মুক্তি পাওয়ায় আমি বৃহন্নলার প্রচারণায় যতটা সময় দিতে পেরেছি, আকর্ষণ ছবির জন্য তা একেবারেই পারিনি।’
ফেরদৌস জানান, কলকাতায় এখন তাঁর তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবিগুলো হলো ঋতুপর্ণা প্রযোজিত পটাদার কীর্তি, সোমনাথ সেনের সাঁঝের জোনাকি ও রূপালী গুহর পরিচয়। আর ঢাকা থেকে শিগগিরই মুক্তি পাবে ফেরদৌসের ছবি এক কাপ চা।