একই দিনে ভূপেন ও আশা
ভূপেন হাজারিকা ও আশা ভোঁশলে—দুজনেই ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী। জন্মও একদিনে, ৮ সেপ্টেম্বর। গতকাল বৃহস্পতিবার ছিল এই প্রথিতযশা দুই শিল্পীর জন্মদিন। দুজনেরই জন্মদিন পালন করা হয়েছে অনাড়ম্বরভাবে। ভূপেন হাজারিকা বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ বছরের জুন থেকে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিল্পীর আগ্রহেই জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। আর জন্মস্থান আসামে ভূপেন হাজারিকার জন্মদিনের অনুষ্ঠানটি পালিত হলো সাড়ম্বরে। রাজধানী গুয়াহাটির আইটিএ সেন্টারে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এখানেই কাটা হয় তাঁর সম্মানে ৮৫ পাউন্ড ওজনের কেক। এ উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানে যোগ দেন আসামের নামীদামি শিল্পীরা।অন্যদিকে আশা ভোঁশলে পারিবারিকভাবে নিজের সন্তান আর নাতি-নাতনিদের নিয়ে মুম্বাইতে জন্মদিনটি পালন করেছেন। আশা ভোঁশলে ১২ হাজারের বেশি গান গেয়েছেন। ভারতের বিভিন্ন ভাষা ছাড়াও ইংরেজি, রুশ, চেক, নেপালি, মালয় ও সিংহলি ভাষায় গান করেছে আশা ভোঁশলে। প্রখ্যাত এ সংগীতশিল্পীর রয়েছে তিন সন্তান আর পাঁচজন নাতি-নাতনি। বর্তমানে ভূপেন হাজারিকার বয়স এখন ৮৫। আর আশা ভোঁশলের বয়স ৭৮। ভূপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর। আসামের গুয়াহাটিতে। ১৯৩৩ সালের একই দিনে মুম্বাইতে জন্মগ্রহণ করেন আশা ভোঁশলে।