একই ধারাবাহিকে শিমুল ও নাদিয়া
মনির খান শিমুল এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ধারাবাহিক নাটক তৈরি করছেন। আর এ নাটকে অভিনয় করছেন নাদিয়া। নাম শঙ্খ সাদা পরিবার। জানা গেছে, বেস নেটওয়ার্ক লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের প্রধান অপারেটিং কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শিমুল এবং পরিচালক নাদিয়া। বিয়ের পর একসঙ্গে এক ঘণ্টার নাটক ও টেলিছবিতে কাজ করা হলেও এবার তাঁরা ধারাবাহিকে অভিনয় করেছেন।শিমুল বললেন, ‘আমি এমনিতেই ধারাবাহিক নাটকে খুব কম কাজ করি। কাজের মধ্যে বৈচিত্র্য আনার জন্যই এটা করি। এবার কাজ শুরুর আগে ভেবেছিলাম—নাদিয়া আমার স্ত্রী, তাই নিজের ইচ্ছামতো সময়ে আমি নাটক বানাতে পারব। কিন্তু নাদিয়া এত ব্যস্ত যে তার জন্য নাটকের কাজ বন্ধ থাকে। ওর সময় পাওয়ার পর শুটিংয়ের তারিখ চূড়ান্ত করি।’ নাটকের গল্প প্রসঙ্গে শিমুল বললেন, ‘গল্পটি তৈরি হয়েছে ভেজাল খাবার নিয়ে। আমরা কী ধরনের ভেজাল খাবার খেতে বাধ্য হচ্ছি, সেগুলো কীভাবে ভেজাল হয় এবং এর থেকে প্রতিকারের উপায় কী—এসবই তুলে ধরা হয়েছে নাটকে। নাটকটির বেশির ভাগ দৃশ্যের কাজ এমন সব জায়গায় করা হয়েছে, যেখানে এর আগে কখনো নাটকের ক্যামেরা যায়নি।’একসঙ্গে অভিনয়ের অভিজ্ঞতার কথা বললেন নাদিয়া, ‘আমরা দুজন দুজনের সঙ্গে কাজ করতে কম পছন্দ করি। তাই একসঙ্গে তেমন কাজ করা হয় না। কিন্তু যখন কাজ করি, তখন বেশ উপভোগ করি।’নাটকটি লিখেছেন ঋত্বিক কথক আর পরিচালনা করছেন রাজু খান। শিমুল জানান, ঈদের পর বিটিভিতে দেখানো হবে নাটকটি।