একই নাটকে পাঁচ জনপ্রিয় তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ—পাঁচ জনপ্রিয় তারকা। এবার তাঁরা একই সঙ্গে একটি নাটক তৈরির উদ্যোগ নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি এই নাটকে প্রায় প্রত্যেকেরই থাকবে আলাদা কিছু ভূমিকা। ছয় পর্বের এই ধারাবাহিক নাটকের নাম সাংরিলা। লিখেছেন তৌকীর আহমেদ, পরিচালনা করবেন শহীদুজ্জামান সেলিম। প্রচারিত হবে এবার রোজার ঈদে, এসএ টিভিতে। আর পুরো নাটকটির শুটিং হবে নেপালের কাঠমান্ডু, পোখরা ও হিমালয়ের আশপাশের এলাকায়, ২২ জুন থেকে ২ জুলাই। ব্যয়বহুল এই ধারাবাহিকের সার্বিক তত্ত্বাবধান করছেন জাহিদ হাসান। বিপণনের দায়িত্বে আছেন মাহফুজ আহমেদ। কিন্তু এখনই সংশ্লিষ্ট কেউ নাটকটির ব্যাপারে মুখ খুলছেন না। তাঁরা জানিয়েছেন, সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানানো হবে। জানা গেছে, এই নাটকের পরিকল্পনা শুরু হয়েছে মাস দুয়েক আগে। নাটকটি লেখার আগে নেপালে সাত দিন ভ্রমণ করে এসেছেন তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম ও মাহফুজ আহমেদ। সংশ্লিষ্ট একজন তারকা বলেছেন, ‘আমাদের টিভি নাটকের এখন যে অবস্থা, তাতে দর্শকদের টিভি নাটকে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। ভালো নাটক তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু তা দর্শকেরা দেখছেন না। তাঁদের মুখে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সিরিয়ালের কথাই বেশি শোনা যায়। আমাদের নাটক দেখার ব্যাপারে দর্শকদের উৎসাহিত করতে আমরা এ উদ্যোগ নিয়েছি।’সংশ্লিষ্ট আরেকজন তারকা বলেছেন, ‘টিভিতে আমাদের সবার শুরুটা প্রায় কাছাকাছি সময়ে হয়েছিল। আজ আমরা যে যাঁর অবস্থানে সবাই প্রতিষ্ঠিত। পর্দার বাইরে আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব আছে। একজন আরেকজনের প্রয়োজনে পাশে গিয়ে দাঁড়াই। টিভি নাটকের প্রয়োজনেই আজ আমরা সবাই একসঙ্গে কাজ করছি।’আরও জানা গেছে, এই নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় নায়িকারাও। তাঁদের মধ্যে আছেন জয়া আহসান, তারিন, নওশীন, রাখী প্রমুখ।