একই পেশায় স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী—এমনটা তো প্রায়ই দেখা যায়। আবার দুজন একই পেশার, এক কর্মস্থলে কাজ করেন এমনও দেখা যায়। স্বামী আর স্ত্রী এক পেশার হলে তাঁদের ব্যক্তিগত আর পেশাগত সম্পর্ক কি মিলেমিশে এক হয়ে যায়। পেশাগত প্রতিযোগিতা কি থাকে তাঁদের মধ্যে বা তাঁদের মধ্যে কি ব্যক্তিত্বের সংঘাত দেখা যায়? পেশাগত বিষয়গুলো তাঁদের দাম্পত্যজীবনেও প্রভাব ফেলে, নাকি উল্টোটা হয়? স্বামী-স্ত্রী একই ক্ষেত্রের পেশাজীবী হলে সুবিধা বেশি, না অসুবিধা বেশি, তা শোনা যাক এমন কয়েক দম্পতির অভিজ্ঞতা থেকে।

ফারিয়েল আহমেদ ও জাহিদ হোসেন দুজনই পেশায় বৈমানিক। কাজও করেন এক কর্মস্থল বিমান বাংলাদেশ এয়ারলাইনসে। আবার পদটাও এক—ফার্স্ট অফিসার, এয়ারবাস। এই প্রতিবেদকের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন জাহিদ প্রস্তুতি নিচ্ছিলেন রাতে ফ্লাইট নিয়ে কুয়েত যাওয়ার। চার দিন পর যখন ফেরত আসবেন, ততক্ষণে ফারিয়েল আবার রওনা হবেন তাঁর গন্তব্যে। মোটামুটি বিমানের শিডিউল ধরেই চলছে তাঁদের দাম্পত্যজীবন। ফারিয়েল বলেন, ‘যখন দেখা হয়, তখন আমরা দুজনই আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি। সে আলোচনায় পেশাগত বিষয়গুলোও চলে আসে।’ দুজনই জানালেন, এক পেশা থাকার কারণে তাঁদের পারস্পরিক বোঝাপড়াটা ভালো। যাঁর যাঁর কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় দাম্পত্যঝামেলাও হয় না। জাহিদ মনে করেন, একই পেশার মানুষ হওয়াতে যেকোনো সিদ্ধান্ত আলাপ-আলোচনা করে নেওয়া সম্ভব হয়।

‘একসঙ্গে চেম্বারে বসি বলে কখনো কোনো রোগীর অবস্থা যদি বেশি খারাপ হয়, তখন দুজন একসঙ্গে পরামর্শ করে সমাধান বের করতে পারি। এ ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর চেয়ে সহযোগীর ভূমিকাটাই মুখ্য হয়ে ওঠে।’ বলেন দন্তচিকিৎসক মামুন খান। তাঁর স্ত্রী শায়লা জামানও পেশায় দন্তচিকিৎসক। নিজেদের চেম্বারে রোগী দেখা ছাড়াও তাঁরা সোহরাওয়ার্দী হাসপাতালে সাম্মানিক স্নাতকোত্তর প্রশিক্ষণ নিচ্ছেন। শায়লা মনে করেন, একই কাজ করার কারণে বাড়ির বাইরেও অনেকটা সময় তাঁদের একসঙ্গে কাটাতে হয়। আর এই সময়ে কখনো ব্যক্তিগত আলাপটাও সেরে নিতে পারেন, আর অন্যান্য সময় তো আছেই। কাজ ছাড়াও নিজেদের জন্য বের করে নিতে পারেন কিছুটা সময়। তবে দুজনেরই মনে হয়, এক চেম্বারে কাজ করার কারণে অনেক সময় আলসেমি পেয়ে বসে। তখন তাঁরা একজনের কাজ আরেকজনের ওপর চাপিয়ে দেন। এটাকে অসুবিধা হিসেবেই দেখছেন এই দম্পতি।

আমরীন শাহজাহান ও তাঁর স্বামী ইউসুফ রেজা দুজনই পেশায় স্থপতি ও শিক্ষক। ইউসুফ রেজা পড়ান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর আমরীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক। কর্মস্থল আলাদা হলেও তাঁদের পড়াশোনা আর পড়ানোর বিষয় একই। স্থাপত্য বিষয়টাতে সৃজনশীলতা একটা বড় অংশজুড়ে ছড়িয়ে আছে। কাজ করতে করতে মাঝেমধ্যে কখনো নিজের ভাবনার জায়গাটা থমকে যায়, মানে ডিজাইনার’স ব্লক পড়েন। তখন একে অন্যকে বেশ ভালোভাবে সাহায্য করতে পারেন। আমরীন বলেন, ‘রেজাই আমাকে পেশাগত ক্ষেত্রে সবচেয়ে ভালো পরামর্শ দিয়ে থাকে। কারণ, আমাকে যেমন বোঝে, তেমন আমার কাজটাও ভালোভাবে বোঝে।’

একই পেশায় স্বামী-স্ত্রী কাজ করলে মনটা উদার হতে হবে। মানসিকতা ভালো না হলে অপর সঙ্গীর জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার মনে করেন, একই পেশায় অনেক সময় ভুল-বোঝাবুঝি তৈরি হয়। তবে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব।

পেশাগত দুনিয়ায় মানবসম্পদ নিয়ে যাঁরা বিশেষজ্ঞ, তাঁরা মনে করেন, দম্পতি যদি এক পেশার হন, তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখাই ভালো। স্বামী বা স্ত্রী যদি চান, তবে কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে আলাপ করতে পারেন। এক পেশায় থাকলে কখনো স্বামী আবার কখনো স্ত্রী এগিয়ে যেতে পারেন কর্মস্থলে। তখন তাঁদের আরও বেশি করে উৎসাহ দিতে হবে এগিয়ে যেতে। কখনোই যেন মনে না হয়, সঙ্গী এগিয়ে গেলেই আমি নিজে পিছিয়ে পড়ছি; বরং এক পেশার দম্পতিকে হয়ে উঠতে হবে পরস্পরের সহযোগী—তা পেশায় এবং নিজেদের জীবনে।