একই মঞ্চে আইয়ুব বাচ্চু বাপ্পা ও অর্ণব
আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব—জনপ্রিয় এই তিন শিল্পী এবার একে অন্যের গান করবেন। শুধু অন্য শিল্পীর একক গানই নয়, পাশাপাশি এলআরবি, দলছুট এবং অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের গানও করবেন। আর তা হবে একই মঞ্চে। ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। কিউবি জংশন—হয়্যার এভরিথিং জয়েন ইন শিরোনামের এ অনুষ্ঠান উপলক্ষে গত শুক্রবার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির আয়োজক কর্তৃপক্ষ ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবির পক্ষ থেকে আশিকুর রহমান এবং অনুষ্ঠানের তিন শিল্পী আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব। আইয়ুব বাচ্চু বলেন, ‘এটা চমৎকার উদ্যোগ। বাংলাদেশের অডিও শিল্পটা ধ্বংস হয়ে গেছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসার কারণেই লাইভ শো সংস্কৃতিটা এখনো অব্যাহত আছে।’বাপ্পা মজুমদার বলেন, ‘আমরা বিভিন্ন অনুষ্ঠানে আলাদাভাবে নিজেদের গান করি। কিন্তু এবারই প্রথম একে অন্যের গান করব। অনুষ্ঠানটি নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা কাজ করছে। টানা চার ঘণ্টার ওই অনুষ্ঠানের জন্য আমরা নানা ধরনের পরিকল্পনা করছি।’অর্ণব বলেন, ‘একা একা কাজ করে আসলে তেমন কিছুই করা সম্ভব নয়। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমি নিজেকে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে পারব।’