একই মঞ্চে গাইলেন বাচ্চু, বাপ্পা ও অর্ণব
শুক্রবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বাংলালিংক সংগীত উৎসবে গান করেছে এলআরবি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কিউবি জাংশন—হয়্যার এভরিথিং জয়েন ইন’ অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল এলআরবিকে। আয়োজকেরা জানালেন, খুলনায় গান শেষে হেলিকপ্টারে ঢাকায় এসেছেন এলআরবির সদস্যরা। এরপর হেলিকপ্টার থেকে নেমে সরাসরি মঞ্চে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় একই মঞ্চে গান করেছেন এলআরবি, বাপ্পা মজুমদার এবং অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। এবারই প্রথম তাঁরা একে অন্যের গান করেছেন। শুরুতেই একসঙ্গে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু ও এলআরবি, বাপ্পা মজুমদার এবং অর্ণব ও তাঁর বন্ধুরা।‘জন্ম আমার ধন্য হলো’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আইয়ুব বাচ্চু মঞ্চ থেকে নেমে গেলেও থেকে যান বাপ্পা আর অর্ণব। বাপ্পার সঙ্গে অর্ণব পরিবেশন করেন ‘সে যে বসে আছে’ গানটি। এরপর মঞ্চ থেকে বিদায় নেন বাপ্পাও। ‘সোনার ময়না’, ‘পিয়া কি নজরিয়া’, ‘হোক কলরব’ গানগুলোর পর হঠাৎ করেই অর্ণবের ডাকে সাড়া দিয়ে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু। চমৎকার এক জ্যামিংয়ের সঙ্গে অর্ণব তাঁর ‘আধখানা’ গানটি শোনান। অর্ণবের পরই মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। তিনি একে একে গেয়ে শোনান ‘পরী’, ‘বৃষ্টি’, ‘দিন বাড়ি যায়’, ‘মন খারাপ মেয়ে’, ‘চাঁদের শহর’, ‘ভাঙ্গাগড়া’, ‘তীরহারা’ ও ‘বাজি’ গানগুলো। বাপ্পার গানের মাঝখানে একবার করে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু ও অর্ণব। রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু ও এলআরবি। ‘উইথ অর উইদাউট’ গান দিয়ে নিজের একক পরিবেশনা শুরু করেন তিনি। তারপর ‘সেই তুমি’ (বাপ্পাসহ), ‘ফেরারি এ মন’, ‘স্মোক অন ওয়াটার’, ‘গতকাল রাতে’ (অর্ণবসহ), ‘স্মেল লাইক টেন স্প্রাইট’ এবং ‘বাংলাদেশ’ গানগুলো গেয়ে শোনান বাচ্চু। আবারও একসঙ্গে মঞ্চে আসেন তিনজনই। ঘড়ির কাঁটা তখন সাড়ে নয়টার কাছাকাছি। তিনজন মিলে ‘উই উইল রক ইউ’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।এ অনুষ্ঠান প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘বাপ্পা ও অর্ণব দুজনই আমার খুব পছন্দের। এবারই প্রথম একই মঞ্চে একসঙ্গে আমরা গান করলাম। ব্যাপারটা সবাই বেশ উপভোগ করেছে।’