একই মঞ্চে তপন ও শুভমিতা
এরই মধ্যে জানা হয়ে গেছে, একসঙ্গে অ্যালবাম করতে যাচ্ছেন দুই বাংলার দুই শিল্পী তপন চৌধুরী ও শুভমিতা। নতুন খবর হলো, অ্যালবামের কাজ শুরুর আগেই একই মঞ্চে গান করবেন তাঁরা। ২০ জানুয়ারি ঢাকা ক্লাবে এই দুই শিল্পী গান শোনাবেন। এই দুই শিল্পী জানিয়েছেন, অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় ও পরিচিত গানগুলোই করবেন তাঁরা। পাশাপাশি অনুরোধের গানও করবেন।তপন চৌধুরী বলেন, ‘শুভমিতার গান আমার খুব পছন্দ। তা ছাড়া তিনি আমার পছন্দের শিল্পীদের একজন। আমরা দুজন একটি দ্বৈত অ্যালবামে গান করব। তার আগে একই অনুষ্ঠানে গান করার এ সুযোগ আমাদের অ্যালবামটির জন্য ইতিবাচক ব্যাপার।’ কলকাতা থেকে গতকাল রোববার মুঠোফোনে শুভমিতা বাংলাদেশের শ্রোতা ও দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানান। বললেন, ‘দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছি, ভালো লাগছে। তপন চৌধুরীর সঙ্গে আমার একটি যৌথ অ্যালবাম করার ব্যাপারে আলোচনা হয়েছে। এবার আমাদের দেখা হবে। আর এ সুযোগে অ্যালবামের কাজও অনেকটা এগোবে।’