একই মঞ্চে দুই বাংলার শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরজুড়েই বাংলাদেশ ও ভারতে যৌথভাবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান। এ পর্যায়ে ঢাকায় প্রথম অনুষ্ঠানটি হবে ১১ জুন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ওই দিন সকাল ১০টায় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে ‘বিশ্বে বাঙালি: মেলোডি ওয়ার্ল্ড ওয়াইড’। দিনব্যাপী এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে ভারতের নবপ্রতিশ্রুতি এবং বাংলাদেশের সুরলোক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে আসছেন লোপামুদ্রা মিত্র, শান্তিনিকেতন থেকে মোহন সিং ও সুপ্রতীক দাস এবং আগরতলা থেকে তিথি দেববর্মণ। আসছেন আবৃত্তিশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় ও প্রবাল মল্লিক। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইফ্ফাত আরা দেওয়ান, পাপিয়া সারোয়ার, তপন মাহমুদ, মিতা হক, লিলি ইসলাম, লাইসা আহমেদ, সালমা আকবর, সাজেদ আকবর, সাদী মহম্মদ, ফাহিম হোসেন চৌধুরী, রোকাইয়া হাসিন, চঞ্চল খান ও হিমাদ্রি শেখর। আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, শিমুল মুস্তাফা ও ডালিয়া আহমেদ। নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও নৃত্যনন্দন।আয়োজকদের পক্ষ থেকে লিলি ইসলাম বলেন, ‘সম্প্রতি নবপ্রতিশ্রুতির প্রতিষ্ঠাতা প্রবাল মল্লিক ঢাকায় এসেছিলেন। তখনই পুরো আয়োজনটি চূড়ান্ত হয়েছে। পরের অনুষ্ঠানটি হবে আগামী ৬ নভেম্বর কলকাতায়। এরপর বাংলা ভাষাভাষী অধ্যুষিত দেশে এই অনুষ্ঠান আয়োজন করা হবে।’ তিনি জানান, শুক্রবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। এরপর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।