একই মঞ্চে মমতাজ, ফাহমিদা আর চন্দন সিনহা

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ প্রদান অনুষ্ঠানে গান করবেন মমতাজ, ফাহমিদা নবী ও চন্দন সিনহা। তাঁরা তিনজন এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফাহমিদা নবী ২০০৭, চন্দন সিনহা ২০১৩ আর মমতাজ ২০১৪ সালে। ১১ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৪ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ প্রদান অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপন করবেন রিয়াজ ও নওশীন। জানা গেছে, দুই ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন ওমর সানী, অমিত হাসান, নিরব, আইরিন, তমা মির্জা, পরীমনিসহ অনেকে। নাচ করবেন সাদিয়া ইসলাম মৌ ও তাঁর দল।
২০১৪ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম ও রানী সরকার। চলচিত্রের ২৬টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।