একই সঙ্গে শব্দাবলীর দুটি নাটক
স্বাধীনতার ৪০ বছর এবং দলের ২০ বছর পূর্তি উপলক্ষে বরিশাল শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে আনছে দুটি নতুন নাটক—রবীন্দ্রনাথের ব্যঙ্গ-কৌতুক নাট্যসংকলন থেকে বিনিপয়সার ভোজ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটক তাহাদের কথা। সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে ব্যক্তি-অভিজ্ঞতার সমন্বয় সাধন করার চেষ্টা করা হয়েছে বিনিপয়সার ভোজ নাটকে। রবীন্দ্রনাথের মতে, বিশুদ্ধ আমোদ-প্রমোদের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করাই হলো ব্যঙ্গ-কৌতুক নাট্যসংকলনের মূল লক্ষ্য। সেটাই তুলে ধরা হয়েছে বিনিপয়সার ভোজ নাটকে। এখানে একক অভিনয় করছেন সৈয়দ দুলাল। তাহাদের কথা নাটকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বর্তমান প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে। নাটকটি লিখেছেন অনিমেষ সাহা। দুটি নাটকেরই নির্দেশনা দিচ্ছেন আমিনুর রহমান। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ এবং মুক্তিযুদ্ধের অনেক নাটকে আমি অভিনয় করেছি। প্রথমবারের মতো দুটি নাটকের নির্দেশনা দিচ্ছি। ব্যাপারটা আনন্দের এবং চ্যালেঞ্জেরও বটে। রবীন্দ্রনাথের হাস্য-কৌতুক নাট্যসংকলনের পরেরটি হলো তাঁর ব্যঙ্গ-কৌতুক নাট্যসংকলন। এই নাটকগুলো চর্চার মধ্য দিয়ে আমরা অনেক কিছুই শিখতে পারব।’বরিশাল শব্দাবলীর প্রধান সৈয়দ দুলাল বলেন, ‘এ বছর ডিসেম্বরে আমরা উ ৎ সব আয়োজন করব। উ ৎ সব ঘিরে শব্দাবলীর দুটি নতুন নাটক মঞ্চে আসছে। বিনিপয়সার ভোজ নাটকে আমি একক অভিনয় করব। দুটি নাটকই গুরুত্বপূর্ণ। একটি আনা হচ্ছে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে, আর অন্যটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আশা করছি, মাস তিনেকের মধ্যেই নাটক দুটি মঞ্চে আনা সম্ভব হবে।’