একই সময়ে বিয়ে করছেন পিট-অ্যানিস্টন!
২০০৫ সালে পাঁচ বছরের দাম্পত্যের ইতি টেনেছিলেন ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন। এরপর অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কে জড়ান পিট। আর জাস্টিন থেরক্সকে মনের মানুষ হিসেবে বেছে নেন অ্যানিস্টন। এর মধ্যেই বাগদান সেরে বিয়ের পরিকল্পনা করছেন হলিউডের এই চার তারকা। মজার বিষয় হলো, সবকিছু ঠিক থাকলে প্রায় কাছাকাছি সময়েই বিয়ের পর্ব সারবেন তাঁরা। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা জানিয়েছে, চলতি মাসেই বিয়ের অনুমতিপত্র হাতে পাচ্ছেন পিট। নিয়ম অনুযায়ী অনুমতিপত্র হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে বিয়ে করতে হবে তাঁকে। এদিকে আগামী মে মাসে বিয়ের পরিকল্পনা রয়েছে পিট এবং জোলির। ফ্রান্সে বিয়ে করতে চান তাঁরা। সেখানে কান চলচ্চিত্র উত্সবের আসর বসছে মে মাসে। সবকিছু ঠিক থাকলে উত্সবের পরপরই বিয়ে করবেন পিট-জোলি। আর বিয়ের তারিখ না জানালেও, প্রায় কাছাকাছি সময়েই বিয়ের পরিকল্পনা করেছেন অ্যানিস্টন এবং থেরক্স। পিট এবং অ্যানিস্টনের মধ্যে কে কত আড়ম্বরে বিয়ের আয়োজন করেন সেটাই এখন দেখার বিষয়।