একক অভিনয় উৎসবে ‘কোকিলারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের সহজ-সরল একলা নারী কোকিলা। ভালোবাসার ফাঁদে পা দেন। নানা প্রতিকূলতা ও উল্টোস্রোতে তাঁর জীবনসংগ্রাম। চোর সাব্যস্ত হয়ে জেলে যান। একপর্যায়ে জীবনে নেমে আসে চরম মর্মান্তিক পরিণতি। এটি প্রয়াত নাট্যকার আব্দুল্লাহ আল মামুন রচিত একক চরিত্রের নাটক কোকিলারার কাহিনি। থিয়েটার প্রযোজিত এ নাটকে অভিনয় করেন বিশিষ্ট অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। কেকিলা দিয়ে গতকাল শনিবার শুরু হলো একক অভিনয়ের উৎসব। আয়োজক আইটিআই বাংলাদেশ কেন্দ্র।গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ঝুনা চৌধুরী প্রমুখ। এটি দেশের প্রথম একক অভিনয় উৎসব। এতে মোট ১১টি দল অংশ নিচ্ছে। আজ রোববার সন্ধ্যায় উৎসবের মঞ্চস্থ হবে ইসলাম উদ্দিন পালাকারের নাটক সয়ফুলমুলক বদিউজ্জামাল। উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।