একক অভিনয়ের নাটকের উৎসব
‘বছর দশেক আগে আইটিআইয়ের (ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট) উদ্যোগে একক অভিনয়ের নাটক নিয়ে একটি উৎসব হয়েছিল। তবে এবার আমরা বেশ বড় আকারে উৎসব করছি। এখন বিশ্বের সব দেশেই একক অভিনয়ের নাট্যচর্চাকে উৎসাহিত করছে আইটিআই।’ বললেন আইটিআইয়ের আন্তর্জাতিক সভাপতি রামেন্দু মজুমদার। ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে একক অভিনয়ের নাটক নিয়ে উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ১০ দিনের এই উৎসব শুরু হবে ২১ এপ্রিল। আর এই উৎসব আয়োজন করছে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের মনো ড্রামা ও মিউজিক থিয়েটারের স্থায়ী কমিটি। তাদের সঙ্গে যৌথভাবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসবের আহ্বায়ক গোলাম সারোয়ার বলেন, ‘একক অভিনয়ের ধারণাটা পাশ্চাত্যে নতুন হলেও আমাদের এখানে কিন্তু এর ঐতিহ্য অনেক পুরোনো। আইটিআই যেহেতু এখন এ ধরনের নাটক চর্চাকে উৎসাহিত করছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকব? এ কারণেই এ উৎসব আয়োজন করছি।’তিনি জানান, উৎসবের জন্য এরই মধ্যে থিয়েটারের কোকিলারা, ঢাকা থিয়েটারের বিনোদিনী, সাধনার সীতার অগ্নিপরীক্ষা, মণিপুরি থিয়েটারের কহে বীরাঙ্গনা, ইসলামউদ্দিন কিচ্ছাদারের সয়ফুলমুলক বদিউজ্জামাল ও চারুনিড়মের নানা রঙের দিনগুলি নাটককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া উৎসব উপলক্ষে আমি বীরাঙ্গনা বলছি নামে আরও একটি নাটক তৈরি করা হবে। উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে। এখানে ২০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। গোলাম সারোয়ার বলেন, ‘জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের মঞ্চ দুটি যথেষ্ট বড়। একক অভিনয়কে দর্শকের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আমরা স্টুডিও থিয়েটারকে বেছে নিয়েছি। প্রয়োজন হলে পরবর্তী সময়ে বড় মিলনায়তনে এই উৎসব আয়োজন করার পরিকল্পনাও আমাদের আছে।’