একক উপস্থাপনায় হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাল আর সেকালের মধ্যে যে একটা বিরাট পার্থক্য আছে, তা ভক্তদের আচরণেই বোঝা যায়। একালের ভক্তরা ফোন করলে যদি কোনো কারণে রিসিভ না করতে পারি, তবেই বিপত্তি। ক্ষুব্ধ হয়ে একের পর এক এসএমএস পাঠাবে। ভাবটা এমন, যেন আমার একমাত্র কাজই হচ্ছে তাদের ফোন রিসিভ করা। দেখা যায় একই সময়ে তারা আমাকে ও আমার ঘনিষ্ঠ তারকা বন্ধুদেরও ফোন করছে এবং সবার সঙ্গে একই আচরণ করছে।’ একালের জনপ্রিয় গায়ক-সুরকার হাবিব বাংলাভিশনের জন্য নির্মিত ‘পপসংগীতের একাল সেকাল’ অনুষ্ঠানে ভক্তদের সম্পর্কে নিজ অনুযোগটা এভাবেই ব্যক্ত করছিলেন।এর আগে যৌথভাবে উপস্থাপনার কাজ করলেও এবারই প্রথম হাবিব এককভাবে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করলেন। অনুষ্ঠানে তাঁর উপস্থাপনায় অতিথি হয়ে এসেছেন এককালের জনপ্রিয় পপতারকা ফেরদৌস ওয়াহিদ আর ফকির আলমগীর। তাঁরা কথা বলেছেন পপসংগীতের সেকাল-একাল নিয়ে। অনুষ্ঠানে তাঁরা স্মরণ করেছেন বন্ধুপ্রতিম পপসম্রাট আজম খানকে।ছেলে হাবিবের উপস্থাপনা সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘তার উপস্থাপনা দেখে বিস্মিত হয়েছি। আমার ধারণাই ছিল না যে সে এত ভালো উপস্থাপনা করতে পারে। দেখে মনে হয়েছে অভিনয় করলে সে বেশ ভালো করবে।’হাবিব এখন মাকে নিয়ে ব্যাংককে বেড়াতে গেছেন। ফিরবেন ঈদের দিন।পপসংগীতের একাল সেকাল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ। প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের দিন রাতে বিশেষ অনুষ্ঠানমালায়।