একক নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ ধরনের উদ্যোগ বাংলাদেশে প্রথম । আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। সত্যিই আমি ভীষণ আনোন্দিত।’ বলছিলেন গাজী রাকায়েত। নানা রঙের দিন একক নাটকটির অভিনেতা তিনি। নির্দেশনার কাজও তাঁর। ২৫ এপ্রিল নানা রঙের দিন নাটকটির মঞ্চায়ন শেষে এভাবেই বললেন তিনি। তিনি বললেন, ‘আমি মনে করি, সব মঞ্চাভিনেতাই থিয়েটার করতে এসে একটা স্বপ্ন দেখেন। তা হলো, থিয়েটারজীবনে অন্তত একটা একক নাটকে অভিনয় করা। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে।’ নানা রঙের দিন নাটকটি আন্তন চেখভের। উৎসবের তৃতীয় দিন ২৬ এপ্রিল মণিপুরি থিয়েটারের কহে বীরাঙ্গনানাটকটির প্রদর্শনী শেষ হয়েছে । নাটকটির অভিনেত্রী জ্যোতি সিনহার সঙ্গে কথা বলি। তিনি এ উৎসবে নাটকটি মঞ্চায়নের সুযোগ পাওয়ায় নিজেকে সম্মানিত বোধ করেন। তিনি বললেন, ‘এ ধরনের উৎসবে একক নাটক নিয়ে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।’ মহাভারতের চারটি নারীচরিত্র নিয়ে নির্মিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এর আগে উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় ফেরদৌসী মজুমদার অভিনীত থিয়েটারের কোকিলারা নাটকটি। ঢাকার মঞ্চের সাড়া জাগানো নাটকটির প্রদর্শনী প্রায় ১৫ বছর বন্ধ ছিল। এত দিন পর নাটকটির প্রদর্শনীতে বহু দর্শকের আগমন ঘটে। বহুদিন পর কোকিলারা হয়ে মঞ্চে ওঠে ফেরদৌসী মজুমদারের মন কী বলে? জানতে ঢুকে যায় গ্রিন রুমে। ‘নাটকটি যখন ১৯৮৯ সালে প্রথম মঞ্চে আসে, তখন যেমন ভয় পেয়েছিলাম, ১৫ বছর পর এবার নাটকটি নিয়ে মঞ্চে ওঠার পর আরও বেশি ভয় পেয়েছি। তবে নাটকটির প্রদর্শনী শেষে খুবই প্রশংসা পেয়েছি। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে নাটকটি নিয়েছে, তাতে খুবই ভালো লেগেছে।’ এদিন নাটকটির তিনটি পর্বের একটি পর্ব মঞ্চস্থ হয়। ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম একক নাটক হিসেবে মঞ্চে আসে কোকিলারা। এ নিয়ে নাটকটির ৭৫তম প্রদর্শনী শেষ হলো। একই রকম অনুভূতির কথা জানালেন আরেক জনপ্রিয় একক নাটক আমি বীরাঙ্গনা বলছি নাটকের অভিনেত্রী লাকী ইনাম। ‘আমি অনেক দিন হলো মঞ্চে অভিনয় করতে উঠছি না। নির্দেশনার কাজ করছি। কিন্তু একক নাটক আমি বীরাঙ্গনা বলছি নিয়ে মঞ্চে ওঠার আনন্দ অন্য রকম। কেননা, এ নাটকে বীরাঙ্গনার কথা বলা হয়। প্রায় ছয় বছর পর নাটকটি নিয়ে আবারও মঞ্চে উঠতে যাচ্ছি। খুবই ভালো লাগছে।’ বলছিলেন লাকী ইনাম। ‘তবে নাটকটি করতে গিয়ে ১৯৭১ সালের অজস্র মেয়ের নির্যাতনের কথা মনে পড়ে যায়।’ আমি বীরাঙ্গনা বলছি নাটকটি ২০০৫ সালে প্রথম মঞ্চে আসে। মাঝখানে প্রায় ছয় বছর এর প্রদর্শনী বন্ধ ছিল। আগামীকাল নাটকটি স্টুডিও থিয়েটার হলে মনোড্রামা ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা লাকী নিজেই দিয়েছেন। স্ত্রীর পত্র নাটকটির অভিনেত্রী ফেরদৌস আবেদীন লিনা তাঁর অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী সামনে রেখে নাটকটি করতে পেরে খুবই ভালো লেগেছে। তা ছাড়া প্রথমবারের মতো এত বড় একক নাটকের উৎসবে অংশ নিতে পেরে আমি খুশি।’ স্ত্রীর পত্র নাটকটি জিয়নকাঠির ব্যানারে মঞ্চস্থ হয়ে আসছে। তার আগে নাজনীন চুমকী করলেন সীতার অগ্নিপরীক্ষা নাটকটি। ২৬ এপ্রিল নাটকটি মঞ্চস্থ হয়। তিনি বললেন, ‘নাটকটি আমার থিয়েটার জীবনে বড় পাওয়া। আমি খুবই পরিশ্রম করে নাটকটি মঞ্চে তুলে এনেছি। এ উৎসবে নাটকটি করতে পেরে আমার ভালো লেগেছে।’ নাটকটির নির্দেশকও তিনি। উৎসবে গতকাল নাটকটি মঞ্চস্থ হয়।আজ সীতার অগ্নিপরীক্ষার পাশাপাশি মঞ্চস্থ হবে ড্রামা ডটকমের জানালায় নাটকটি। ৩০ এপ্রিল মঞ্চস্থ হবে শিমূল ইউসুফ অভিনীত ঢাকা থিয়েটারের একক নাটক বিনোদিনী।সাত দিনের এ উৎসবে আরও মঞ্চস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের বিফোর ব্রেক ফার্স্ট, ইসলামুদ্দিন কেচ্ছাকারের সয়ফুলমুলক বদিউজ্জামাল, পদাতিক নাট্যসংসদের তারামন বিবি। আইটিআইয়ের আয়োজনে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ২৩ এপ্রিল এ উৎসবের উদ্বোধন হয়। উৎসব উদ্বোধন করেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। আতাউর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ।সাত দিনে নানা স্বাদের ১১টি একক নাটক দেখার সুযোগ এসেছে দর্শকদের। কোনো কোনো নাটকে দর্শক এসে টিকিট না পেয়ে ফিরে যান। দর্শকদের অনেকেই মন্তব্যকরেন, এ ধরনের উৎসব যেন আরও বেশি হয়।