সম্প্রতি মঞ্চে এসেছে একক নাটক সীতার অগ্নিপরীক্ষা। সাইমন জাকারিয়ার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন নাজনীন চুমকী। আজ তাঁর সাক্ষাৎকার।প্রথমবারের মতো একক নাটকে অভিনয় করলেন। কেমন লাগল?এ নাটকটি নিয়ে নিজের মধ্যে অনেক উত্তেজনা কাজ করেছে। আবার ভয়ও পেয়েছি। কেননা, এর আগে একই নাটকে দু-তিনটি চরিত্র করেছি। কিন্তু এককভাবে শুধু আমি মঞ্চে দাঁড়িয়ে পুরো নাটক তো করিনি। সে জন্য ভয়টা ছিল। নাটকটিতে প্রায় সাত-আটটি চরিত্র নিজেই করেছি। একেকটি চরিত্র একেক রকমের। মঞ্চে দাঁড়িয়ে বারবার চরিত্র ভেঙে অন্য চরিত্রে যাওয়াটাও অনেক কঠিন। এক চরিত্র থেকে অন্য চরিত্রে নিজেকে মানিয়ে নিয়ে কাজটি করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে।নাটকটিতে দর্শকের প্রতিক্রিয়া কী ছিল?প্রায় ছয় বছর আমার মঞ্চে বিরতি ছিল। এ জন্য নিজের মধ্যে ভীষণ ভয় ছিল। কাজটি অনেক জটিল। প্রথম প্রদর্শনীর দিন যখন মঞ্চে অভিনয় করছি, তখন নিজের কাছে বারবার মনে হচ্ছিল, দর্শকেরা কীভাবে নিচ্ছে আমার অভিনয়। তবে নাটকটি যখন প্রায় শেষ হয়ে এল, দর্শকের পিনপতন নীরবতা দেখে মনে হয়েছে, কাজ খারাপ হচ্ছে না। প্রদর্শনী শেষ হলে অনেকেই গ্রিনরুমে এসে, মিলনায়তনের বাইরে এবং ফোনে কাজের প্রশংসা করেছেন। তবে প্রথম প্রদর্শনীর চেয়ে দ্বিতীয় প্রদর্শনীটা ভালো হয়েছে। আরও বেশি প্রদর্শনী হলে নাটকটি একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।নাটকটিতে আপনি নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে অভিনয়-নির্দেশনা, সমস্যা হয়নি?খুবই সমস্যা হয়েছে। মহড়ার সময় আমি যখন অভিনয়ের জন্য মঞ্চে দাঁড়িয়েছি, তখন নিজের কাছে খুবই অসহায় মনে হয়েছে। কেননা, আমি যখন মঞ্চে অভিনয় করছি, তখন তো আর নির্দেশনার জায়গায় আমি নেই। ওই সময় নিজের ভুলত্রুটিগুলো ধরা খুবই কঠিন। তাতে আবার একক নাটক, আমার সঙ্গে কোনো সহ-অভিনয়শিল্পী নেই। তবে নাটকটির যে দল ছিল, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এ নাটকটি ওঠানোর জন্য পুরো অবদান দলের। আমি যখন অভিনয়ের জন্য মঞ্চে থেকেছি, তখন আমার ভুলগুলো দলের সদস্যরা সংশোধন করে দিয়েছেন।নাটকটিতে অভিনয়ের সুযোগ হলো কী করে?আমি প্রায় ছয়-সাত বছর ধরে আর মঞ্চে কাজ করি না। হঠাৎ একদিন সাইমন জাকারিয়া আমাকে অনুরোধ করলেন আবার মঞ্চে ফিরে আসার জন্য। এ নাটকে সাংস্কৃতিক সংগঠন সাধনা থেকে বেশ কয়েক বছর আগে দিল্লির অভিনেত্রী অধেরী চৌর একক অভিনয় করেছিলেন। একটি প্রদর্শনীও বাংলাদেশে হয়েছে। এরপর দীর্ঘদিন আর হয়নি। ওই সময় সাইমন জাকারিয়া আমাকে নাটকটির পাণ্ডুলিপি দিয়েছিলেন। পাণ্ডুলিপিটি পড়ে আমার কাছে ভালো লেগে যায়। পরে কাজটি করতে রাজি হই। প্রায় দুই মাস নাটকটি নিয়ে কাজ করেছি। গত ৩০ জুন নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়। এরপর গত ৩১ জুলাই একটি আর ১ আগস্ট একটি মোট দুটি প্রদর্শনী হয়েছে।এখন কি আবার মঞ্চে নিয়মিত হবেন?এ নাটকটি আপাতত নিয়মিত করতে চাই। নাটকটির একাধিক প্রদর্শনী করার ইচ্ছা আছে। কেননা, অনেক কষ্ট করে কাজটি করেছি। যেহেতু অভিনয়ের হাতেখড়ি মঞ্চে, তাই জায়গাটা ছাড়া কঠিন।তাহলে কি দেশ নাটকে আবার ফিরবেন?দেশ নাটকের দলে আমি একসময় একাধিকবার অভিনয় করেছি। যখন দল ছেড়ে দিই, ওই সময় নিত্যপুরাণ ও বিরসা কাব্য নাটক দুটি করেছি। তবে আবার দেশ নাটকে ফিরব কি না, এই মুহূর্তে বলতে চাই না।