একঘেয়েমি কাটানোর ভ্রমণে মৌসুমী
২৯ জুন শুক্রবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে চড়ে ১৫ দিনের জন্য মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকার চলচ্চিত্রের অভিনেত্রী মৌসুমী।মৌসুমীর এবারের সফরটি কোনো চলচ্চিত্র কিংবা নাটকের শুটিংয়ের জন্য নয়। এটি একেবারেই তাঁর পারিবারিক সফর। তবে পাশাপাশি দুই দেশের বাঙালিদের আয়োজনে মৌসুমী কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলেও জানিয়েছেন মৌসুমীর স্বামী অভিনয়শিল্পী ওমর সানী।প্রথম আলো ডটকমকে ওমর সানী বলেন, ‘এটা মৌসুমীর একেবারেই ব্যক্তিগত সফর। একটানা অনেক দিন কাজ করলে একঘেয়েমি চলে আসে। তাই কাজের ফাঁকে ঘুরে বেড়ালে মনটা ভালো থাকে। বলতে পারেন, ঘোরাঘুরির মাধ্যমে একঘেয়েমি দূর করতে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া গেছে মৌসুমী। গতকাল শুক্রবার রাতেই সে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে। সেখান থেকে দুদিন পরই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা।’ওমর সানী আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় মৌসুমী ও আমার বেশ কয়েকজন কাছের আত্মীয়স্বজন রয়েছেন। তাঁদের সবার সঙ্গে অনেক দিন দেখা-সাক্ষাত্ হয় না। ঘুরে বেড়ানোর পাশাপাশি এক ফাঁকে অনেক দিন ধরে দেখা না হওয়া আত্মীয়স্বজনের সঙ্গেও দেখা করবে।’জানা গেছে, মৌসুমী ছাড়াও মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায় আরও গেছেন চিত্রনায়ক ফেরদৌস ও কণ্ঠশিল্পী আঁঁখি আলমগীর।সম্প্রতি মৌসুমী একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন, যা খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হবে। এ ছাড়া জাহিদ আকবরের লেখা এবং মকসুদ জামিল মিন্টুর সুরে এনটিভির বর্ষপূর্তির একটি গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী।