
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও বিলবোর্ডে রানির আসনে বসে আছেন কেটি পেরি, তাঁর ‘ডার্ক হর্স’ গান নিয়ে। পুরো ফেব্রুয়ারি মাস শাসন করার পরও তিনি যেন তাঁর রাজত্ব সম্প্রসারিত করছেন। ২০ ফেব্রুয়ারি ইউটিউবে ছাড়া হয় এই গানের অফিশিয়াল মিউজিক ভিডিও। এখন পর্যন্ত প্রায় দেড় কোটিবার দেখা এই ভিডিওতে মিসরীয় রানি ক্লিওপেট্রার বেশে দেখা যাবে তাঁকে। পিরামিড, ফারাও, স্ফিংস, সূর্যাস্ত, বড় বজরা, সোনালি পোশাক—এ সবকিছু দিয়ে প্রাচীন মেম্ফিস যুগের পরিবেশ সৃষ্টি করতে দেখা গেছে। ফারাওরা তাঁদের সাধ্যমতো চেষ্টা করছেন রানির কাছে প্রেম নিবেদন করতে, কিন্তু রানি তাঁর রূপের মায়াজালে বশ করছেন সবাইকে। এমনটি দেখা যাবে মিউজিক ভিডিওটিতে।
পেরির ভাষ্যমতে, গানটিতে দক্ষিণী র্যাপ আর টেকনোর সংমিশ্রণ ঘটেছে আর সেখানে তিনি চেয়েছেন কালো জাদু আর সম্মোহনের রূপ দিতে।
প্রিজম অ্যালবামের দ্বিতীয় গান হিসেবে এটি চার্টের প্রথম স্থান দখলে রেখেছে। এর আগে ছিল ‘রোর’!
চলুন জেনে নিই, রানির সঙ্গে টক্কর দিতে কে কে চার্টের কোন অবস্থানে আছে:
প্রথমেই আসবে ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’ গানের নাম, যা ইতিমধ্যে বিলবোর্ডের ‘গ্রেটিস্ট গেইনার’ ও ‘এয়ার প্লে গেইনার’ খেতাব নিজের ঝুলিতে ভরেছে। উইলিয়ামসের মুক্তি প্রত্যাশিত দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘গার্ল’-এর এই গানটি পেরিকে টপকে শেষ হাসি হাসতে পারে কি না, সেদিকেই থাকছে ভক্তদের তৃষিত চোখ।
তৃতীয় স্থান যথারীতি ‘টক ডার্টি’র। বিলবোর্ডের ‘স্ট্রিমিং গেইনার’ গানটি অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন সিঙ্গেল চার্টের প্রথম স্থানে রয়েছে। কিন্তু বিলবোর্ডের চার্টে এখন পর্যন্ত তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
এই সপ্তাহেও আগের অবস্থানে আছে ‘সে সামথিং’। ২০১১ সালে মুক্তি পাওয়া এই গানের বিভিন্ন ভার্সন রয়েছে। কিন্তু ক্রিস্টিনা অ্যাগুইয়েরা, অ্যা গ্রেট বিগ ওয়ার্ল্ড ব্যান্ডের গাওয়া গানটি গত বছরের নভেম্বর থেকেই দারুণ শ্রোতাপ্রিয়তা পাচ্ছে।
চার্টের পঞ্চম স্থান দখলে নিয়েছে গত সপ্তাহের অষ্টম স্থানে থাকা ‘ড্রাঙ্ক ইন লাভ’। বেয়োন্স-জে জে দম্পতির গানটি সমালোচকদের প্রশংসা পেয়েছে এবং অনেকের মতে ‘ড্রাঙ্ক ইন লাভ’ তাদের গাওয়া ২০০৩ সালের ‘ক্রেজি ইন লাভ’-এর নতুন ভার্সন।
এখন একনজরে দেখে নিই ষষ্ঠ থেকে দশম স্থান কাদের দখলে:
৬. কাউন্টিং স্টার—ওয়ান রিপাবলিক
৭. টিম্বার—পিটবুল, কেশা
৮. পম্পেই—বাস্তিলে
৯. টিম—লোর্ডে
১০. লেট হার গো—প্যাসেঞ্জার
সাইফবিনদোহা