১৯৩৪ সালে ‘টুনু’ প্রবেশিকা পরীক্ষা দিল মানিকগঞ্জ হাইস্কুল থেকে। বুলবুলের ডাকনাম টুনু। বুলবুল তাঁর পারিবারিক নাম নয়, নিজের নেওয়া নাম। বুলবুলের আসল নাম রশীদ আহমদ চৌধুরী। এ পোশাকি নামটা তুলে রাখলেন কলেজের খাতায়। মানিকগঞ্জের শিল্পানুরাগীদের উদ্যোগে এ সময় একটি বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক সাধ্যসাধনা, অনুনয়-বিনয় করে বুলবুল তাঁর নিজের জন্য একটু জায়গা করে নিলেন সেই অনুষ্ঠানের তালিকায়। এই অনুষ্ঠানে বুলবুল নিজের রচিত ও পরিকল্পিত ‘চাতক নৃত্য’ নিবেদন করেন।টুনুর জন্মভূমি বগুড়ায়, পৈতৃকভিটা চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত চুনতি গ্রামে। একবার চুনতি যাওয়ার পথে বুলবুল সাতকানিয়ায় থেকে যান। সে সময় স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন চলছিল। ছাত্ররা বুলবুলকে ওই অনুষ্ঠানে নাচার জন্য চেপে ধরল, যার রক্তে প্রবাহিত হয় নাচের ছন্দ, যার হূদয় নৃত্যপাগল, সেই প্রাণোচ্ছল যুবক কি এই আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারে! সাতকানিয়া স্কুলের এই অনুষ্ঠানে সৌভাগ্যক্রমে আবুল ফজল উপস্থিত ছিলেন। বুলবুলের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেছেন, ‘শত শত ছেলের মাঝে বুলবুল একক ও অদ্বিতীয়। তার প্রতিভার অনন্যতা শুধু আমার চোখে নয়, উপস্থিত সবার চোখে তাকে করে তুলেছিল অনন্যসাধারণ। কিশোর বুলবুলের অপূর্ব নৃত্য দেখে আমি সেদিন মুগ্ধ হয়েছিলাম এবং নৃত্য যে আনন্দের কত বড় উৎস, সেদিন বুলবুলের নৃত্য দেখেই আমি বুঝতে পেরেছিলাম।’এ প্রসঙ্গে বরেণ্য সুরস্রষ্টা প্রয়াত মিহিরকিরণ বাবুর একটি উক্তি উল্লেখ করা যেতে পারে, ‘আর একজন উদয়শংকরকে আবিষ্কার করেছি। বুলবুল নিজেই নিজের শিক্ষক।’ বুলবুলের অসংখ্য নৃত্যে সংগীত সংযোজন করেন প্রয়াত মিহিরকিরণ, তিমিরবরণ, প্রয়াত অমিয়কান্তি ভট্টাচার্য, নীরদবরণ, ধনঞ্জয় মল্লিক, অনিল বোস, বেণীমাধব বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিখ্যাত সংগীত পরিচালকেরা।এই সঙ্গে বুলবুলের রচিত ও পরিকল্পিত নৃত্যনাট্যগুলোর একটি তালিকা দেওয়া যেতে পারে: যেন ভুলে না যাই, শৃঙ্খলের নিপীড়নে, বীভৎস, ভারত ছাড়ো, ব্রজবিললা, সুগন্ধা, কবি ও বসন্ত, সুরসংগীত, ফসল উৎসব, অজন্তা জাগরণ, মিরন মাথুর, পান্থশালার ছন্দ, অর্জুন, কালবৈশাখী, হাফিজের স্বপ্ন, নৃত্যবিলাস, নৃত্যাঞ্জলি, ভগ্নবিরহীদের মিলন, লাস্যা কুমুদিনী, সর্পনৃত্য, অলস দ্বীপ, হানাবড়ি, নিষ্প্রদীপ, মহাবুভুক্ষা, দুন্দভির আহ্বান, মালকোষ জেলে, রূপক, মীরা, কৃষাণ-কৃষাণী, গজেন, বসন্তবাহার, নিয়তি, হোলি, সাঁওতাল নৃত্য, দেহছন্দ, নৃত্যশ্রী, অভিমন্যু, সূর্যনৃত্য, চাতক নৃত্য, শিব দেবদাসী, দুই প্রেমিক, আগুন ও প্রজাপতি চাঁদ সুলতানা, দেশপ্রেমিক, ক্ষুধিত পাষাণ ইত্যাদি।বুলবুলের এসব নৃত্য ও নৃত্যনাট্যের নায়িকা চরিত্রে রূপদান করেন শ্রীমতিগীতি রায়, শ্রীমতী মায়া, আরতী, শান্তা, ডালি, প্রতিভা, রেখা ভৌমিক, লক্ষ্মী রায়, সুজাতা বিশ্বাস ও তদানীন্তন ভারতের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী সাধনা বোস।বুলবুলের এসব অসাধারণ নৃত্যসৃষ্টির স্বীকৃতিস্বরূপ নানা পত্রপত্রিকায় তাঁর ভূয়সী প্রশংসা করা হয়। আনন্দবাজার পত্রিকায় লেখা হয়, ‘বুলবুল চৌধুরী নবাগত শিল্পী নন। উদয়শংকরের পরবর্তীকালীন যেসব নৃত্যশিল্পী প্রতিষ্ঠা লাভ করেছেন, তাঁদের মধ্যে বুলবুল চৌধুরীর নাম উল্লেখযোগ্য। বুলবুলের নাচের মধ্যে আছে আবেগ। দর্শকের মনে আবেগ আনার কৌশলও তাঁর বেশ আয়ত্তে আছে।’ বিখ্যাত হরেণ ঘোষও বুলবুল চৌধুরীর প্রতিভার ভূয়সী প্রশংসা করেছিলেন। ‘বুলবুল ভারতীয় গণনাট্য সংঘের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা অপরিসীম। তাই তাঁর সৃষ্ট নৃত্যনাট্যগুলোতে আমরা তার প্রতিফলন দেখতে পাই।’ তিনি কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ সাম্প্রদায়িক সমাজের বিরুদ্ধে গর্জে উঠে এর প্রতিকারে অঙ্গীকারবদ্ধ হন। বুলবুল জেহাদি শিল্পী বলেও সুপরিচিত।বুলবুলের বহুমুখী প্রতিভার পরিচয় দিতে গিয়ে গোপাল হালদার লিখেছিলেন, ‘দেখলাম, বুলবুল শুধু দেহছন্দেই জীবনের প্রকাশ খোঁজেনি, ভাষার মধ্যে দিয়ে ছন্দে, গানে, কথায় সব দিক দিয়ে সে জীবনকে প্রকাশ করতে উন্মুখ। এতটা বহুমুখী শক্তি কারও মাঝে বিশেষ দেখিনি।’বুলবুলের প্রথম উপন্যাস প্রাচীতে আমরা সাহিত্যিক বুলবুলকে পাই। তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে নাগরিক, পাদপ্রদীপ। এ ছাড়া তাঁর যন্ত্র নামে একটি অসমাপ্ত উপন্যাসও রয়েছে। বুলবুলের একটি কবিতা সংকলনের নাম ‘শেফালিকা’ উৎসর্গপত্রে লেখা আছে—হে বিশ্বকবি হে কবিগুরুতোমার চরণ পরে আমারদরদ দিয়ে লেখা ‘শেফালিকা’অর্ঘ্যরূপে উৎসর্গ করে ধন্য হলুম।কবি বুলবুল অজয়কুমার ছদ্মনামে কবিতা লিখতেন। এই কবিতা ও গ্রন্থের রচনাকাল ১৯৩২-৩৩। বুলবুল নৃত্যের সঙ্গে নাট্যচর্চাও করেছেন। ইবসেনের ছায়া অবলম্বনে রচিত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম নাটক চোরাবালিতে তিনি নায়ক প্রসাদ রায়ের ভূমিকায় অভিনয় করেন। নাটকটি পরিচালনাও করেন তিনি। এ ছাড়া নাট্যচক্র প্রযোজিত নীলদর্পণ নাটকেও বুলবুল অংশ নিয়েছিলেন। এই নাটকে তাঁর সহশিল্পী ছিলেন শোভা সেন, মৃণাল সেন, তাপস সেন, ঋত্বিক কুমার ঘটক প্রমুখ। ১৯৪১ সালের দিকে বুলবুল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঝড়ের দোলায় নামক একটি নাটিকার বেতার রূপ দেন।বহুমুখী প্রতিভার অধিকারী বুলবুল মনেপ্রাণে একজন সংস্কৃতিমান পুরুষ ছিলেন। তিনি মনে করতেন শিল্পের জন্য শিল্প নয়, মানুষের জন্য শিল্প। শিল্পকর্ম দেশ ও জাতির জন্য। মানবসভ্যতার উত্তরণে শিল্পীকে যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে শিল্পের হাতিয়ার নিয়ে। শিল্পীকে সজাগ থাকতে হবে দেশকাল সর্বোপরি মানবজাতির মঙ্গলামঙ্গল সম্পর্কে। সে জন্য সংগীতচর্চার (নৃত্য, গীতবাদ্য) সঙ্গে সঙ্গে জীবনের পাঠও নিতে হবে।তাই তিনি শিল্প-সংস্কৃতির বরেণ্য প্রতিভাদের নিয়ে আলোচনা সভার আয়োজনকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এসব আলোচনা সভার মধ্য দিয়েই ভাবের আদান-প্রদান হতো। দৃষ্টিভঙ্গির প্রসার হতো, অন্তর হতো আলোকিত। বুলবুল জানতেন জ্ঞানের এই আলো পূর্ণতার পথে এগোতে সাহায্য করবে সংস্কৃতিমান মানুষকে। এসব আলোচনা সভার পরিণতিতে জ্ঞানীগুণী-বোদ্ধাদের আগমন হলো কলকাতায়।১৯৫০ সালে বুলবুল তৎকালীন পশ্চিম পাকিস্তানে যান এবং করাচি থেকে তাঁর দল নিয়ে ইউরোপের পথে পাড়ি জমান। এ সফরকালে তাঁর দল ব্রিটেন, আয়ারল্যান্ড, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স প্রভৃতি দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। মাত্র ৩৫ বছর বয়সে ১৭ মে ১৯৫৪ সালে বুলবুল ইহলোক ত্যাগ করেন। তাঁর এই অকালমৃত্যুতে দেশের যে অপরিসীম ক্ষতি হলো, সে কথা ভেবে ওই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় যোগ্য সম্মানের সঙ্গে বুলবুলকে স্মরণ করা হয়। সে সময় মওলানা ভাসানী বেড়াতে এসে বুলবুলের মায়ের সঙ্গে দেখা করেন এবং তাঁকে প্রবোধ দিয়ে বলেন, ‘বুলবুলের মৃত্যুতে জাতীয় ক্ষতি হয়েছে।’এই মহান শিল্পীর অকালপ্রয়াণে আমাদের নৃত্যশিল্পী যে কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, তা শুধু নৃত্যশিল্পীদের পক্ষে অনুধাবন করা সম্ভব। ১ জানুয়ারি ছিল তাঁর জন্মবার্ষিকী। এ দিনটি ও ১৭ মে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে তাঁর স্মৃতিকে অম্লান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের নৃত্যানুরাগী ও নৃত্যকর্মীদের।