একজন প্রাণবন্ত মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জুন, ২০১০, শুক্রবার। চলচ্চিত্রকার ও বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধাব্যক্তিত্ব বাদল রহমানের ৬২তম জন্মদিন ছিল এদিন। এই প্রথমবারের মতো আমরা কিছুটা আনুষ্ঠানিকভাবেই তাঁর জন্মদিন পালন করলাম। শিশুর মতো সরল ও সদা হাস্যময় মানুষটি আমাদের এই আয়োজনে আবেগে আপ্লুত হয়েছিলেন, এটি বেশ বুঝতে পেরেছিলাম। তাঁর উচ্ছ্বসিত আনন্দ দেখে আমাদের চোখ ভিজে এসেছিল আনন্দে।১১ জুন, ২০১০, শুক্রবার। ভোর ছয়টায় আমার স্ত্রী মুনিরা মোরশেদ মুন্নী আমাকে ঘুম থেকে ডেকে তুলল। যাকের ভাই (আলী যাকের) মেসেজ পাঠিয়েছেন মুঠোফোনে, বাদল রহমান আর নেই। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। ঘোর কাটার আগেই জাকী ভাই (সৈয়দ সালাহউদ্দিন জাকী) ফোন করলেন।দ্রুত তৈরি হয়ে নিয়ে জাকী ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম বাদল ভাইয়ের বাসার উদ্দেশে। ঝড়ের মতো কেটে গেল সারাটা দিন। জন্মদিন পালনের এক সপ্তাহের মাথায় বাদল ভাই চিরদিনের জন্য চলে গেলেন, আমাদের আরেকবার কাঁদিয়ে।বাদল রহমানকে আমি প্রথম দেখি ১৯৭৮-৭৯ সালের দিকে। তিনি তখন স্বাধীন বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী নির্মাণ করছিলেন। আমি সবে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। শেরাটন হোটেলের (তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল) পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি শুটিং হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ শুটিং দেখলাম। ক্যামেরায় কাজ করছিলেন আনোয়ার হোসেন।দুজনই পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্রের ওপর পড়াশোনা করে এসেছেন। আমাদের কাছে তাঁরা স্বপ্নের নায়কের মতো। ছবি বানানোর একটা স্বপ্ন তখন আমিও বুকের ভেতর গোপনে লালন করছি। অনেকক্ষণ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো শুটিং দেখলাম। সেই আমার প্রথম শুটিং দেখা। সংগত কারণেই বাদল রহমান বা আনোয়ার হোসেন কারও সঙ্গেই কথা বলার কোনো সুযোগ তখন ঘটেনি। পরে অবশ্য দুজনকেই অনেক কাছ থেকে দেখার, অন্তরঙ্গ হওয়ার, একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে।বাদল রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী। শুধু চলচ্চিত্র সংসদই নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন সমৃদ্ধ হয়েছে বাদল রহমানের যোগ্য নেতৃত্বে। চলচ্চিত্রের যেকোনো সংকটে তিনি সব সময় থেকেছেন অগ্রভাগে। ১৯৭৫ সালে ফিল্ম অ্যাসোসিয়েশন কোর্স পরিচালনার জন্য পুনা ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক সতীশ বাহাদুরকে বাংলাদেশে নিয়ে আসা, ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার জন্য তাঁকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করানো, সরকারের নীতিনির্ধারক মহলে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার গুরুত্ব বোঝানো—এর সব ক্ষেত্রেই বাদল রহমানের ছিল অগ্রণী ভূমিকা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একটি নিজস্ব ভবন নির্মাণের জন্য তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন, রাজধানীর কেন্দ্রস্থলে ফিল্ম আর্কাইভের একটি পরিকল্পিত নিজস্ব ভবন হবে। তিনি স্বপ্ন দেখতেন একটি ফিল্ম ইনস্টিটিউটের। তিনি স্বপ্ন দেখতেন, প্রস্তাবিত সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের মধ্যে একটি জাতীয় চলচ্চিত্রকেন্দ্র নির্মিত হবে। তিনি শুধু স্বপ্নই দেখতেন না, এ স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করতেন।বাদল রহমান শিশুদের জন্য পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র এমিলের গোয়েন্দা বাহিনী ছাড়াও শিশু একাডেমীর প্রযোজনায় কাঁঠাল বুড়ির বাগান ও ছানা ও মুক্তিযুদ্ধ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বঙ্গবন্ধুর ছেলেবেলা নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্যও তিনি সম্প্রতি শিশু একাডেমীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সময় তিনি সৈয়দ সালাহউদ্দিন জাকীর সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় প্রত্যাশার সূর্য নামে একটি প্রামাণ্য চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন।বাদল রহমান ছিলেন বাংলাদেশের প্রথম দিককার একজন সফল বিজ্ঞাপনচিত্র নির্মাতা। বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রে আধুনিকতা ও সৃজনশীলতার ছোঁয়া লেগেছিল বাদল রহমানের হাতেই।সদা হাস্যময় এ মানুষটি খুব সহজেই অন্যকে আপন করে নিতে পারতেন। হয়ে যেতে পারতেন অন্যের আপনজন। হঠাৎ তাঁর এই চলে যাওয়া আমাদের চলচ্চিত্র আন্দোলনে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এমন প্রাণবন্ত, উচ্ছ্বসিত হাসির অধিকারী একজন মানুষ কি কখনো কারও হূদয় থেকে হারিয়ে যেতে পারে?