শিমূল ইউসুফ যেন ইতিহাসই গড়তে যাচ্ছেন। একক নাটক হিসেবে বিনোদিনী চরিত্রে একটা-দুটা না, তাঁর অভিনয় শততম রজনীর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। জাতীয় নাট্যশালায় সেই ইতিহাসের মশাল জ্বালানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। তার আগে ২৮ অক্টোবর নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির ৯৯তম প্রদর্শনী হবে।এদিকে শততম রজনীর দ্বারপ্রান্তে এসে শিমূল ইউসুফ দর্শকের কাছে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। বিনোদিনী চরিত্রটি নিয়ে এ পর্যন্ত আসার পুরো পাওনাটা দর্শকের ঝুড়িতেই দিয়েছেন। ‘একক নাটককে দর্শকের কাছে টেনে আনা কঠিন। অনেক দিন ধরে নাটকটি চলতে থাকলে দর্শক বিরক্ত বোধ করে। কিন্তু আমি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে নাটকটি করে আসছি, দর্শকের আগ্রহের কমতি দেখিনি। আমি দর্শকদের কাছে যেতে পেরেছি। দর্শকেরাই আমার উৎসাহদাতা। পুরো কৃতিত্ব আমি দর্শকদের দিতে চাই।বিনোদিনীকে শ্রদ্ধা নিবেদন করেই তাঁর জীবনী হয়ে মঞ্চে উঠি। এই শ্রদ্ধার মধ্যে বিন্দুমাত্র ফাঁক নেই।’ বললেন শিমূল ইউসুফ। ঢাকা থিয়েটারের এ নাটকের উপদেষ্টা প্রয়াত নাট্যকার সেলিম আল দীন, বিনোদিনী দাসীর আত্মজীবনী থেকে গবেষণা ও পাণ্ডুলিপি লিখেছেন সাইমন জাকারিয়া আর নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।