একজন মিনতির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক মুক্তিযুদ্ধ চলাকালীন কোনো ঘটনা নিয়ে চিত্রা নদীর পারে নির্মাণ করা হয়নি। মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী সময়ের ঘটনা নিয়ে নির্মিত এ ছবিতে মাতৃভূমি ছেড়ে যাওয়ার গল্প বলা হয়েছে। সেই সময়ের ছাত্র আন্দোলন এবং মানুষের স্বাধিকার আন্দোলন নিয়ে চিত্রা নদীর পারে। গল্পের চিত্রনাট্য লিখেছিলেন তানভীর মোকাম্মেল। গল্পের মিনতি চরিত্রটি নড়াইলের। হিন্দু পরিবারের মানুষ মিনতিকে একসময় নিজের জন্মস্থান ছেড়ে চলে যেতে হয়েছিল। মিনতির চলে যাওয়াটা তানভীর ভাইয়ের মনকে নাড়া দিয়েছিল। ছবিতে কাজ করতে যাওয়ার আগে তানভীর ভাই আমাকে পুরো ঘটনাটি বলেছিলেন। এরপর আমরা কাজ শুরু করলাম। আউটডোরের দৃশ্যগুলোয় নড়াইলে কাজ করলাম। আর ইনডোরের কাজ করলাম ময়মনসিংহে।ছবিটির শুটিং করি ১৯৯৭ সালে। আর ঘটনা ১৯৬৮-৬৯ সালের। প্রায় ৩০ বছর আগের একটি মানুষ হতে হলো আমাকে। তখনকার মানুষের জীবনযাপন, সেই মানুষের ভাষা, তার পোশাক, গেটআপ নিয়ে সেভাবেই প্রস্তুতি নিলাম। আসলে নানা রকম বই পড়েছি এবং আমার দাদা-নানা-চাচাদের কাছ থেকে ১৯৬৮-৬৯ সালের কথা শুনেছি। ফলে খুব বেশি কষ্ট করতে হয়নি। এ দেশেই বড় হয়েছি আমি। ভাষাটা আমার জানা। ৩০ বছর আগের সংস্কৃতির ধারা তো প্রবাহিত হচ্ছে এখনো। ফলে ৩০ বছর আগের প্রেক্ষাপটে পরিভ্রমণ করেছি আমি।চিত্রা নদীর পারে যখন মুক্তি পেল তখন ছবিটি দেখার পর মনে হয়েছে, তানভীর ভাইয়ের অসাধারণ একটি কাজ এটি। এখন আমার মনে হয় যে তানভীর ভাইয়ের সবচেয়ে ভালো কাজটি হচ্ছে চিত্রা নদীর পারে। ছবিটির ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন। আমার খুবই প্রিয় দৃশ্যগুলো ধারণ করেছিলেন তিনি। এখন আমার ভাবতেও ভালো লাগে যে আমি চিত্রা নদীর পারের মিনতি হয়ে কাজ করেছি। ছবিটি মুক্তির পর আরেকটি ঘটনা ঘটল। এটি আসলে ভুলতে পারব না আমি কোনো দিনই। ১৯৯৯ সালে রেইনবো চলচ্চিত্র উৎসব হলো। সেখানে এসেছিলেন বুদ্ধদেব দাসগুপ্ত ও সমরেন্দ্র সেনগুপ্ত। তাঁরা চিত্রা নদীর পারে দেখে মুগ্ধ হয়েছিলেন এবং আমাকে খবর দেওয়া হলো যে আমি যেন তাঁদের সঙ্গে দেখা করি। যখন আমি তাঁদের সামনে গেলাম, তখন তাঁরা অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন। সমরেন্দ্র সেনগুপ্ত বললেন, ‘এ তো আমার মায়েদের গল্প। এত সুন্দর করে কাজটা করেছ তুমি!’ তাঁদের কথা শুনে আমি নিজেও অনেকটা যেন আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। আমি ঠিক জানি না যুদ্ধের আগে আগে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে নিজ দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার ছবি আমাদের দেশে এর আগে হয়েছে কি না।