একজন যুদ্ধশিশুর গল্প

১৯৭১ সাল। অসংখ্য বীরাঙ্গনা মায়ের মধ্যে একজন বীরাঙ্গনা মা। যুদ্ধের পর জন্ম দিলেন বিপ্লবকে। বাংলাদেশেই মায়ের আদরে বড় হয়েছেন বিপ্লব। পড়াশোনা করেছেন চারুকলায়। আজ তাঁর মা নেই। বাংলাদেশের সমবয়সী বিপ্লবের কাছে আসেন পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা। ১৯৭১ সালে তাঁর অপরাধের ফসল এই বিপ্লব। অনেক খোঁজাখুঁজির পর অসংখ্য বিপ্লবের মাঝে একসময় তিনি খুঁজে পান তাঁর কাঙ্ক্ষিত বিপ্লবকে। নিজের অপরাধ স্বীকার করে প্রায়শ্চিত্ত করতে চান। তাঁর উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দিতে চান বিপ্লবকে। নিয়ে যেতে পাকিস্তানে। বদলে দিতে চান বিপ্লবের ছন্নছাড়া জীবনকে। এমনি অসংখ্য চাওয়া আজ এই বিপ্লবের কাছে তাঁর। বিপ্লব কি এই সেনা কর্মকর্তাকে তাঁর বাবা হিসেবে মেনে নিতে পারবেন? ক্ষমা করতে পারবেন এই সেনা কর্মকর্তার অপরাধকে?—এমনি গল্প নিয়ে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুক্রোশ। পরিচালক গোলাম মোস্তফা শিমুল।
নির্মাতার মতে, বাঙালি জাতিসত্তার অনুসন্ধানধর্মী তাঁর এই ছবিতে কোনো নারী চরিত্র নেই। কিন্তু পুরো ছবিতেই একজন মা প্রবলভাবে উপস্থিত। এই মাকে দেখা যায় না, অনুভব করা যায়।
ছবিতে বিপ্লব চরিত্রে অভিনয় করছেন রিয়াজ মাহমুদ। তিনি বলেন, ‘বিপ্লব চরিত্রটিকে শারীরিক ও মনস্তাত্ত্বিকভাবে ধারণ করার জন্য পুরো সাত মাস প্রস্তুতি নিয়েছি। মা হিসেবে কল্পনা করেছি ১৯৭১ সালে নির্যাতিত অসংখ্য মাকে। ভেবেছি, এই বিপ্লবের মতো অগণিত যুদ্ধশিশুকে—যাঁরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন আছেন।’
অনুক্রোশ ছবিতে আরও অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, জুনায়েদ হালিম, তুষার মাহমুদ, সুলতান সেলিম, শেখ আরিফুজ্জামান প্রমুখ। ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।