একজন রোমানা
ক্যামেরার মেমোরি তাঁর জন্য বরাদ্দ রাখে অনেকটুকু জায়গা। অথচ মাঝেমধ্যে সামান্য পাসপোর্ট ছবির দরকার হলেই বেকায়দায় পড়ে যান রোমানা! জীবন থেকে নেওয়া এই উদাহরণ বলে দেয়, ব্যস্ততা রোমানাকে দেয় না অবসর।গেল ঈদে মুক্তি পেয়েছে তাঁর তিনটি ছবি—জিদ্দি মামা, হানড্রেড পার্সেন্ট লাভ ও স্বামী ভাগ্য। তিনটি ছবিতে সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন দুই খান—শাকিব খান ও আমিন খানকে। জিদ্দি মামা ও হানড্রেড পার্সেন্ট লাভ-এ পেয়েছেন শাকিবকে আর আমিন খানকে পেয়েছেন স্বামী ভাগ্যতে। তবে ছবির বাজার বলছে, তিনটি ছবির ভাগ্যে জোটেনি ‘হিট’ তকমা। রোমানাও সেটা স্বীকার করলেন অকপটে, ‘চলচ্চিত্রের বাজারের যা অবস্থা, সেই বিবেচনায় খুব খারাপ করেনি ছবিগুলো। মোটামুটি চলেছে।’ এই ‘মোটামুটি’তে কি সন্তুষ্ট রোমানা? উত্তর আন্দাজ করতে জ্যোতিষী হতে হয় না, ‘কে না চায়, নিজের ছবিটা ভালো চলুক!’ অবশ্যই সবাই চায়। কিন্তু আপনার চাওয়া-পাওয়া কি একই সুরে গাইছে? কারণ, বড় পর্দায় কাজ করার জন্য তো আপনি দীর্ঘ একটা বিরতি নিয়েছিলেন ছোটপর্দা থেকে। যদিও এই বিরতিকে অনেকে ভেবেছিলেন বিদায়। বিষয়টি ব্যাখ্যা করলেন রোমানা, ‘২০০৮-এ যখন সিদ্ধান্ত নিলাম ছবিতে অভিনয় করব তখন ভেবেছিলাম, নাটকের কাজে একটা বিরতি নিই। কারণ, চেয়েছিলাম ছবিতে নিজের সেরাটুকু দিতে। তাই বলেছিলাম, দুই বছরের বিরতি নিচ্ছি। কিন্তু অনেকে ভেবে বসেছিলেন, একেবারেই বিদায় বলেছি!’পুরোনো প্রসঙ্গে ফিরি। আপনি কি সন্তুষ্ট, বড় পর্দার অভিনেত্রী হিসেবে? কিছুক্ষণ ভাবলেন রোমানা। তারপর পাল্টা প্রশ্ন করলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে কি সন্তুষ্ট হওয়া যায় কখনো?’ উত্তরটাও এল তাঁর কাছ থেকেই, ‘না, যায় না। তবে এই কয়েক বছরে ২৬-২৭টি ছবিতে অভিনয় করেছি। এর মাঝে বেশ কয়েকটি হিট ছবিও আছে। জাতীয় পুরস্কার পেয়েছি। সে ক্ষেত্রে আমার অবস্থান খুব ভালোও না, খুব খারাপও না। মাঝামাঝি অবস্থায় আছি।’আর ছোট পর্দায়? দীর্ঘ বিরতি শেষে আবারও ছোট পর্দায়, বিশেষ করে এক ঘণ্টার নাটকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। গেল ঈদে অভিনয় করেছেন পাঁচটির মতো নাটকে। শিগগিরই দাঁড়াবেন একটি ধারাবাহিক নাটকের সেটে। তবে রোমানা ঠিক করেছেন, ‘যা-ই করি না কেন, বেছে বেছে কাজ করব। ছবির বেলাতেও তা-ই। একজন অভিনয়শিল্পীকে হতে হয় পানির মতো; যে পাত্রেই রাখবেন সে পাত্রেরই আকার ধারণ করতে হবে। এবং এ কারণে আমি বড় পর্দা, ছোট পর্দার মাঝে কোনো ফারাক পাই না।’তবে অনেক বড় ফারাক আছে তাঁর শুরুর ক্যারিয়ার আর এখনকার অবস্থানের মাঝে। সাংস্কৃতিক মাধ্যমে পথচলা শুরু ছোটবেলা থেকেই। দীর্ঘদিন নজরুলগীতি ও উচ্চাঙ্গসংগীতের তালিম নিয়েছেন। কলেজে পড়ার সময় গড়েছিলেন ‘অ্যাঞ্জেল ফোর’ নামের একটি ব্যান্ড। রোমানার ভাষায়, ‘সংগীতশিল্পীই হতে চেয়েছিলাম! কিন্তু কেমন করে যেন অভিনয়ের দুনিয়ায় চলে এলাম।’ গানের পাশাপাশি তো বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা গেছে আপনাকে; এখন আর বিজ্ঞাপন করছেন না? ‘সাত বছর ধরে কোনো বিজ্ঞাপন করছি না। অনেক প্রস্তাব পাচ্ছি। ভালো কিছুর অপেক্ষায় আছি।’ বলছিলেন রোমানা।শেষ প্রশ্ন—মাঝে এনটিভিতে একটি গানের অনুষ্ঠানেও তো গাইলেন, গান নিয়ে কিছু ভাবছেন? রোমানার উত্তর, ‘একদম না। আমার ভাবনা-চিন্তা সব অভিনয়কেন্দ্রিক। দুই নৌকায় পা দিতে চাই না!’দুই নৌকায় পা দিতে চান না রোমানা। তবে তাঁর বারিধারার ডিওএইচএসের বাসাটা দ্বিরূপী! একটি পাশ পুরোনো ধাঁচের। আরেকটি পাশে হাল জমানার ছোঁয়া। আমাদের মনে হয়, রোমানাও এমনটাই, তিনি গাইতে পারেন আবার অভিনয়ও করেন। কিন্তু তিনি একজনই—রোমানা!