একজন সাধারণ মানুষের গল্প ‘মাই নেম ইজ পরান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি সাধারণ একজন মানুষ পরান। সাধারণ জীবনযাপনের কারণেই তিনি তাঁর পরিবার, স্ত্রী ও কর্মক্ষেত্রে সবার কাছেই গুরুত্বহীন। সরল ব্যক্তিত্বের কারণে প্রতিনিয়ত তিনি পরিবার ও কর্মক্ষেত্রে বিচিত্র সব সমস্যার সম্মুখীন হয়। ছোটবেলা থেকেই সব ভালো কিছু থেকে বঞ্চিত হয়ে তাঁর মধ্যে বিভিন্ন ধরনের ভীরুতার লক্ষণ প্রকাশিত হতে থাকে। একজন অতি সাধারণ মানুষের বিভিন্ন ঘটনা নিয়ে পরিচালক আরিফ এ আহনাফ নির্মাণ করেছেন এক ঘণ্টার নাটক ‘মাই নেম ইজ পরান।’গতকাল শনিবার রাজধানীর বেইলী রোডে অনুষ্ঠিত হয় নাটকটির প্রাক-প্রদর্শনী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটকটির কলাকুশলীরা।মাই নেম ইজ পরান নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি এ নাটকটি সম্পর্কে বলেন, ‘আমাদের সমাজে পরানের মতো মানুষ অনেকেই আছে। আহনাফ নাটকটির মাধ্যমে সেটা যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এটি ওর দ্বিতীয় নাটক হলেও সে অনেক ভালো করেছে।’ নাটকটি রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইলোরা গওহর, দীপান্বিতা, পরান জহির প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।