একজন সালামিতে একজন পোশাকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিহান আর তানিশা—একজন অভিনয় করেন, অন্যজন উপস্থাপনা। তবে ঈদের সময় দুজনই সালামি আদায়ের জন্য পাকা অভিনেত্রীর ভূমিকায় অবতীর্ণ হন। ঘটনার বিবরণে প্রকাশ, সালামি আদায়ের ক্ষেত্রে দিহানের অনেক সুখ্যাতি। তাঁকে টেক্কা দেওয়া নাকি মুশকিল হয়ে পড়ে তানিশার জন্য। এ ব্যাপারে অভিজ্ঞ দিহান তাঁর ভাইবোনদের কাছ থেকে ‘সালামি কালেক্টর’ উপাধিও অর্জন করেছেন। আর এই উপাধি পেয়ে বিব্রত হওয়ার চেয়ে গর্বই বোধ করেন তিনি। অভিজ্ঞতার আলোকে বলেন, ‘ঈদে আমার সবচেয়ে প্রিয় কাজ হলো, ঝাঁপিয়ে পড়ে সবার আগে সালাম করা আর সালামি নেওয়া। আমার এক চাচা আছেন। যাঁকে সালাম করলে শুধু দোয়া করেন। বিরক্তির সঙ্গে সেসব শুনি আর অপেক্ষা করি, কখন তিনি পকেটে হাত দেবেন।’ একনাগাড়ে বলার পর কিছুটা বিরতি দিয়ে বললেন, ‘অবশ্য সালামি দিতে আমার একদমই ভালো লাগে না।’তবে সালামি আদায়ে পিছিয়ে পড়লেও তানিশা এগিয়ে যান ঈদের পোশাকপ্রাপ্তিতে।‘দেখা যায়, সবার কাছ থেকে পেতে পেতে ১০-১২টি নতুন পোশাক হয়ে যায় আমার। আর সব কটিই পরা চাই। ঈদের সারা দিন চলে সেই পোশাকের মহরত। ঘণ্টাখানেক পরপরই পোশাক পাল্টাচ্ছি আমি।’ বলেন তানিশা।দুই বোনের ঈদের স্মৃতিতে অবশ্য আরও অনেক মানুষ আছেন। বড় বোন তানিক, একগাদা কাজিন, আত্মীয়স্বজন সবাই মিলে বেশ জমজমাট ঈদ করা হয়। ঈদে দিহানেরা তিন বোন একই রকম পোশাক পরেন। এবারও কিনেছেন একই রকম শাড়ি আর সালোয়ার-কামিজ। প্রতি ঈদে দুই বোন যা সালামি পাবেন, সেই অর্থে রাতে পার্টি করার রেওয়াজটাও তাঁদের পুরোনো। ঈদের স্মৃতি বলতে দিহানের একটা কষ্টের কথাই মনে পড়ে। ‘একবার ঈদের আগের দিন শুটিং করার জন্য কলকাতায় যেতে হবে। সেই প্রথম পরিবার ছেড়ে আমার ঈদ করতে হবে। এয়ারপোর্টে আমি এসব ভেবে এমন কান্নাকাটি জুড়ে দিলাম যে আশপাশে বেশ একটা হইচই শুরু হয়ে গেল। এয়ারপোর্টের নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলো। তাঁরা এসে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আমি যতই বোঝাই যে কিছুই হয়নি, স্রেফ বাসার সবাইকে ছেড়ে ঈদ করতে হবে ভেবেই মন খারাপ হয়েছে, তাই কান্নাকাটি করছি। কিন্তু তাঁরা কিছুতেই মানেন না। শেষমেশ আমাদের বাসায় ফোন করা হলো। মা-বাবার সঙ্গে কথা বলে তবেই তাঁরা আমাকে ছাড়লেন।’তানিশারও আছে একটু মন খারাপ করা স্মৃতি। ‘গত বছর ছিল বিয়ের পর আমার প্রথম ঈদ। প্রতিবছরই ঈদের দিন সবার আগে বাবাকে সালাম করি আমি। সেবার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরকে প্রথমে সালাম করতে গেলাম। বাবার কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল। আমার কান্না দেখে আমার শ্বশুর বললেন, এত দিন যা করে এসেছ, এই ঈদেও তা-ই হবে। বলেই আমাকে নিয়ে গেলেন আমার বাসায়। বাবাকেই প্রথম সালাম করলাম। তারপর অন্য আত্মীয়দের।’