
এ সপ্তাহের আলোচনা শুরু করব দুটি গানের অনুষ্ঠানের মাধ্যমে। তার একটি সরাসরি প্রচারিত হলো ৯ ফেব্রুয়ারি রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে ‘তোমায় গান শোনাব’। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় এবারে শিল্পী ছিলেন ইয়াসমিন মুশতারী। একটানা প্রায় দুই ঘণ্টা বিভিন্ন অঙ্গের গান পরিবেশন করেছেন শিল্পী। অনেক দিন পর এমন দীর্ঘ একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি লক্ষ করা গেল। মূলত নজরুল ও উচ্চাঙ্গসংগীত শিল্পী তিনি। এ অনুষ্ঠানে তিনি রাগপ্রধান আধুনিক নজরুল মিলিয়ে বিভিন্ন অঙ্গের ও মেজাজের গান পরিবেশন করেছেন। এপার বাংলা-ওপার বাংলা মিলিয়ে মান্না দে, মেহেদি হাসান, শাহনাজ রহমতউল্লাহসহ নানা শিল্পীর জনপ্রিয় গান নির্বাচন করেছিলেন তিনি। তাঁর কণ্ঠ ও সুরের সমন্বয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
একই দিন রাত ১১টা ৩০ মিনিটে আরেকটি সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক এন রিদম’ প্রচারিত হলো এনটিভিতে। এ অনুষ্ঠানে শিল্পী ছিলেন ঝিলিক। ঝিলিকের কণ্ঠ মিষ্টি ও সুরেলা এবং পরিবেশনা সাবলীল। কিন্তু এত সাবলীল যেন মনে হয়, তাঁর কণ্ঠ সুরের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, গভীরে প্রবেশ করছে না। একসময় উপস্থাপিকাও যেন বলে ফেললেন সে কথাটি। পাশাপাশি ইয়াসমিন মুশতারী প্রতিটি গানেই যেন সুরের গভীরে তলিয়ে যাচ্ছিলেন। দুই প্রজন্মের বৈশিষ্ট্যই ধরা পড়েছে দুজন শিল্পীর মাঝে। একজন সুরের ভেলায় ভেসে যান, আরেকজন সুরে অবগাহন করেন।
১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাহিদ বাবুর পরিচালনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো নাটক আফসোস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, মাসুম আজিজ। সেলিম একজন পরিচিত ডাকাত। সে সুপথে ফিরে আসতে চায়। শিক্ষিত আজাদ আবুল কালামের মধ্যস্থতায় ও থানার ওসির সহায়তায় সে ডাকাতি ছেড়ে সুপথে ফিরে আসে। দোকান দেয়। কিন্তু মাসুম আজিজদের মতো গ্রাম্য টাউটদের চক্রান্তে বাধাপ্রাপ্ত হয় তার উদ্যোগ। এরপর ওসি বদলি হয়। আজাদ আবুল কালাম ঢাকা চলে যায়। পরিস্থিতির শিকার সেলিম আবার ডাকাতির পথ বেছে নিয়ে মৃত্যুবরণ করে। থানা থেকে তার লাশ আনতে গিয়ে আজাদ আবুল কালামের মনে হয়, চাটাই মোড়া সেলিমের লাশের পা দুখানি বাঁকা হয়ে যেন এ সমাজকেই ধিক্কার দিচ্ছে।
গল্পটি ছিল গতানুগতিকতার বাইরে। বিনোদন ও সমাজ চেতনা দুটোই ছিল গল্পে। অভিনয়ও ছিল আকর্ষণীয়। কিন্তু সেলিমের পুনরায় ডাকাতিতে ফিরে যাওয়ার বিষয়টি যুক্তিযুক্ত হয়ে ওঠেনি।
৯ ফেব্রুয়ারি রাত ১১টায় শরিফ সুজনের রচনায় ও রুমান রুনির পরিচালনায় এটিএন বাংলায় প্রচারিত হলো টেলিছবি উপর থেকে এসেছি। খুবই চটুল এবং হাস্যকর একটি গল্প। প্রধান চরিত্রে ছিলেন সজল ও মেহজাবিন। পুরো টেলিছবিজুড়ে এমনই অবিশ্বাস্য ও উদ্ভট সব ঘটনা ও নাটকীয়তা দর্শকের মনে বিন্দুমাত্র সাড়া জাগাতেও ব্যর্থ হয়েছে। বর্তমান নাটক ও টেলিছবিতে চলছে এমনই উদ্ভট নাটকীয়তা ও চটুল হাস্য-কৌতুকের সমাহার। এ থেকে বের হতে হবে।