একজনের কণ্ঠে অন্যের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবিনা ইয়াসমীনের ‘কথা কেন যে বলিস না’ গানটিতে কণ্ঠ দিচ্ছেন রুনা লায়লা। আর রুনা লায়লার ‘হায়রে কপাল মন্দ’তে কণ্ঠ দেবেন সাবিনা ইয়াসমীন। কাল বুধবার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে এভাবেই গান করবেন দেশের এই দুই বরেণ্য শিল্পী। ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার অন্যতম বিচারকও তাঁরা।এবার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ১১৬ মিনিটের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইতে।‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ হওয়ার জন্য এখন মঞ্চে আছেন খেয়ালী, লুইফা, দীপ্তি, মেহেদী, বিকসান, রবিন ও মুগ্ধ। চূড়ান্ত অনুষ্ঠানে তাঁরা পুরোনো বাংলা ছবির গান করবেন। ওই সময় তাঁদের শুভেচ্ছা জানাতে মঞ্চে আসবেন সংশ্লিষ্ট গানের অভিনয়শিল্পীরা। একটি গানের সঙ্গে নাচবেন ফেরদৌস ও শখ। ‘ক্ষুদে গানরাজ’ ও ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার অন্য দুই আসরের সেরা শিল্পীরাও গান করবেন। পুরো আয়োজন পরিচালনা করছেন তাহের শিপন।