একজনের পরিচালনায় আরেকজন
শাহরিয়ার নাজিম জয়ের লেখা ও পরিচালনায় নির্মিত নাটক আর যাব না এভারেস্ট-এ অভিনয় করেছেন মীর সাব্বির। নাটকটির শুটিং করা হয়েছে নেপালে। আরও অভিনয় করেছেন বাঁধন ও জয়। নাটকটি ঈদে বাংলাভিশনে দেখানো হবে। অপর দিকে কামরুল হাসানের লেখা নাটক কাঁচা গাব পাকা গাব-এ অভিনয় করবেন জয়। নাটকটি পরিচালনা করবেন মীর সাব্বির। তিনি জানান, এ মাসের শেষ দিকে নাটকটির শুটিং হবে। ঈদে নাটকটি দেখানো হবে এটিএন বাংলায়।জয় ও সাব্বিরের সঙ্গে আলোচনা করে জানা গেছে, এবারই প্রথম তাঁরা একজনের পরিচালনায় অন্যজন অভিনয় করছেন। জয় বললেন, ‘আমরা খুব ভালো বন্ধু। একে অপরকে খুব ভালো বুঝি। তাই আমাদের কাজটিও ভালো হবে।’ আর সাব্বির বললেন, ‘জয়ের পরিচালনায় কাজ করতে গিয়ে আলাদা কোনো চাপ অনুভব করিনি। বরং কাজটি করতে গিয়ে আমরা অনেক আনন্দ করেছি।’ এই দুটি ছাড়াও জয় ও সাব্বির একসঙ্গে অভিনয় করেছেন মোহন খানের আই লাভ ইউ তিনটি কারণে নাটকে। আর তাঁদের সঙ্গে অভিনয় করেছেন সাবাবা মোহন।