একঝলকে দ্য অস্কার
বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের পর্দা উন্মোচিত হয় গত রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড থাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। গ্ল্যামারের ছটায় আর আলো-আঁধারির খেলায় জমকালো এই অনুষ্ঠানে একে একে নাম ঘোষণা করা হয় ৮৫তম আসরের এবারের অস্কার বিজয়ীদের। চলুন, দেখে নেওয়া যাক এবারের অস্কার টুকিটাকি নিয়ে একঝলকগানে গানে অস্কারবন্ড সিরিজের সর্বশেষ ছবি স্কাইফল-এর জন্য সেরা গায়িকার পুরস্কার গ্রহণের ঠিক আগে অ্যাডেলের গাওয়া স্কাইফল-এর থিম সংগীতটি সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। অস্কার মঞ্চে অ্যাডেল ছাড়াও নিজ নিজ মিউজিক্যাল ছবির সুরে গলা মিলিয়েছেন ‘শিকাগো’, ‘ড্রিমগার্লস’ এবং ‘লা মিজারেবল’-এর কলাকুশলীরা। এ ছাড়া ‘দি ওয়ে উই ওয়্যার’ গানের সুরকার মার্ভিন হেমলিখের প্রতি গান গেয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অভিনেত্রী-গায়িকা বারবারা স্ট্রাইস্যান্ড।মিশেল ওবামার হাতে সেরা ছবির খামসবাইকে বিস্মিত করেছে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার উপস্থিতি। সরাসরি হোয়াইট হাউস থেকে ভিডিও লিংকের মাধ্যমে অস্কার আসরে যোগ দেন তিনি। হাতের খামটি খুলে সেরা ছবি হিসেবে বেন অ্যাফ্লেক পরিচালিত আরগোর নাম ঘোষণা করেন তিনি। অস্কারের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন ফার্স্ট লেডি পুরস্কারের ঘোষণা দিলেন।তৃতীয়বারের মতো ড্যানিয়েলসেরা অভিনেতার অস্কারটি জিতে এক অনন্য রেকর্ড গড়েছেন ড্যানিয়েল ডে লুইস। অস্কারের ইতিহাসে তৃতীয়বারের মতো এই বিভাগে জয়ী হওয়া একমাত্র অভিনেতা এখন তিনিই। লিংকন ছবিতে নামভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি এ পুরস্কারটি পেলেও, সর্বাধিক মনোনয়ন পাওয়া স্টিভেন স্পিলবার্গের বহুল প্রত্যাশিত এই ছবির কপালে জোটেনি সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার।সেরার সেরা লাস্যময়ী লরেন্সঅস্কার রাতে জন্মদিনের সবচেয়ে বড় উপহারটি পাননি ৮৬-তে পা রাখা ফরাসি অভিনেত্রী ইম্যানুয়েল রিভা। সবাইকে তাক লাগিয়ে নাওমি ওয়াটস, জেসিকা চেস্টেইন, ইম্যান্যুয়েল রিভাকে হারিয়ে সেরা অভিনেত্রীর অস্কার প্রথমবারের মতো জয় করেছেন সিলভার লাইনিংস প্লেবুক-এর অভিনেত্রী জেনিফার লরেন্স। তবে পুরস্কার নিতে গিয়ে মঞ্চে উঠতে গিয়ে পড়ে যান এই লাস্যময়ী।হ্যাথওয়ের স্বপ্নপূরণলা মিজারেবলস ছবিতে অ্যান হ্যাথওয়ের উপস্থিতি সব মিলিয়ে মিনিট পনেরোর মতো। এর মধ্যেই এক টুকরো অনবদ্য অভিনয় তাঁকে এনে দিয়েছে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার। বিশেষ করে ছবির ‘আই ড্রিমড এ ড্রিম’-এর দৃশ্যায়নে নিজেই গান গেয়েছিলেন। তাই পুরস্কার হাতে পেয়েই হ্যাথওয়ে বলেন, ‘অবশেষে স্বপ্ন সত্যি হলো।’শীর্ষে লাইফ অব পাইকথায় বলে, ওস্তাদের মার শেষ রাতে। গোল্ডেন গ্লোব, বাফটায় তেমন চমক দেখাতে না পারলেও অস্কারে ঠিকই সেরা পরিচালকের পুরস্কার জিতে দেখিয়ে দিলেন তাইওয়ানের পরিচালক অ্যাং লি। সেই সঙ্গে ‘সেরা পরিচালক’সহ এই আসরের সর্বাধিক চারটি পুরস্কার বাগিয়ে নিয়েছে অ্যাং লি’র লাইফ অব পাই।ক্রিস্টফ ওয়ালৎজের হাতে প্রথম পুরস্কারএবারের অস্কার অনুষ্ঠানের পুরস্কার প্রদান পর্ব শুরু হয় ‘পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা’ বিভাগটি দিয়ে। জ্যাঙ্গো আনচেইনড ছবিটির জন্য এবারের অস্কারের প্রথম পুরস্কারটি নিয়েছেন অভিনেতা ক্রিস্টফ ওয়ালৎজ। গতবারের অস্কারজয়ী অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। গোল্ডেন গ্লোব থেকে অস্কার—পার্শ্ব-অভিনেতার প্রায় সব সেরাই তাঁর শোকেসে এখন।প্রাণবন্ত উপস্থাপনায় ম্যাকফারলেনফ্যামিলি গাই ও টেডখ্যাত কৌতুক অভিনেতা সেথ ম্যাকফারলেনের প্রাণবন্ত উপস্থাপনায় জমে ওঠে এবারের অস্কার। অনুষ্ঠানের শুরুতে তারকাদের নিয়ে গানও গাইলেন তিনি। সে গান কিছুটা দৃষ্টিকটু শোনালেও বেশ উপভোগ্য ছিল। যাঁরা পুরস্কার জিততে পারেননি, তাঁদের জন্যও অভিনেত্রী ক্রিস্টিন চেনওয়েথের সঙ্গে নিয়ে একটি গান করেন ম্যাকফারলেন। আর এভাবেই হাসি-আনন্দ, শ্রদ্ধাঞ্জলি আর গ্লামারের মিশেলে স্মরণীয় হয়ে রইল এবারের অস্কার। গ্রন্থনা: সাজিদুল হক