
গেল শুক্রবার রাতে মুম্বাইয়ের আন্ধেরির যশরাজ ফিল্ম স্টুডিওতে জমকালো আয়োজনে হয়ে গেল ভারতের অস্কার নামে সুখ্যাত ফিল্মফেয়ারের ৫৯তম আসর। বলিউডের খান, কাপুরদের এক হাত নিয়ে ফিল্মফেয়ারের এবারে আসরে সেরা হয়েছেন নবীন প্রজন্মের বলিউড তারকারা। জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর নাচ-গান-কৌতুকের ফাঁকে ফাঁকে নাম ঘোষণা করা হয় এবারের ফিল্মফেয়ার বিজয়ীদের। চলুন, দেখে নেওয়া যাক এবারের ফিল্মফেয়ারের টুকিটাকি

মিলখার বলিউড জয়
সেলুলয়েডের মিলখাও জয় করে নিলেন বলিউডের অন্যতম বড় সম্মাননাটি। ভারতীয় জীবন্ত কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংয়ের জীবনী নিয়ে তৈরি ভাগ মিলখা ভাগ ছবিতে মিলখার ভূমিকায় অনবদ্য অভিনয় করে বলিউডের অনেক বিখ্যাত অভিনেতাদের পেছনে ফেলে সেরা অভিনেতার পুরস্কারটি নিয়েছেন ফারহান আখতার। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মনোনয়ন পাওয়া ছয়টি বিভাগের ছয়টিতেই জিতে এবারের ফিল্মফেয়ারের সর্বাধিক পুরস্কার ঘরে তুলেছে ছবিটি। অথচ মনোনয়ন তালিকায় এগিয়ে থাকা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি নয়টি মনোনয়ন পেয়ে একটিও জিততে পারেনি।
ফিল্মফেয়ারেও দীপিকা জাদু
দীপিকার আলোয় ঝলমলে ছিল ২০১৩ সালের বলিউড বক্স অফিস। তাই এবারের ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারটি যে উঠবে দীপিকার হাতেই, তা অনুমান করা ছিল খুব সহজ কাজ। ২০০৮ সালে ওম শান্তি ওম ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেলেও এবারই প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুললেন দীপিকা পাড়ুকোন। সঞ্জয়লীলা বানশালির গঁলিয়ো কি রাসলিলা—রাম-লীলা ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই ফিল্মফেয়ার পুরস্কারটি পেলেন তিনি।
ফিল্মফেয়ারের জেনারেশন নেক্সট
কোলাবরি ডি গান গেয়েই হিট সারা ভারতে। তারপরেই সাউথ সুপারহিরো ধানুশ উড়ে এসেই জয় করলেন বলিউডে বক্স অফিস। রানঝানা ছবিতে অভিনয় করে জিতেও নিলেন দর্শকের মন, সমালোচকদের প্রশংসা। ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতা পুরস্কারটি ধানুশেরই প্রাপ্য ছিল। আর শুধ দেশি রোম্যান্স ছবি দিয়ে বানী কাপুর ছিনিয়ে নিলেন সেরা নবাগত অভিনেত্রী পুরস্কারটি।
সুরে জয় কলকাতার
ফিল্মফেয়ারে সংগীতের গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো উঠেছে কলকাতার মিউজিশিয়ানদের হাতেই। আশিকি ২ ছবির ‘তুম হি হো’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন অরিজিত সিং আর মোনালী ঠাকুর পেয়েছেন লুটেরা ছবির ‘সাওয়ার লু’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার। তাঁরা দুজনই কলকাতার। সেরা সংগীত পরিচালকের পুরস্কারও উঠেছে আরেক বাঙালি জিৎ গাঙ্গুলির হাতেই।
নেই দুই খান, ফিরলেন সালমান
বরাবরের মতোই এবারও ছিলেন না আমির খান। প্রতি ফিল্মফেয়ার আয়োজনে শাহরুখ খানের উপস্থিতি সবাইকে বিনোদিত করে। এবার শুটিংয়ে আহত হওয়ায় ঘরের দর্শক হয়েই ফিল্মফেয়ারের অনুষ্ঠান দেখতে হয়েছে কিং খানকে। তবে ১৫ বছর পর ফিল্মফেয়ারের রেড কার্পেটে হেঁটেছেন সালমান খান। শুধু তা-ই নয়, অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধও করেছেন তিনি।

উপস্থাপনায় বরফি জুটি
বরফি জুটি রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রাণবন্ত উপস্থাপনায় জমে ওঠে এবারের ফিল্মফেয়ার। প্রথমবারের মতো তাঁরা উপস্থাপনা করলেন ফিল্মফেয়ারের মূল আয়োজনটি। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেন মাধুরী দীক্ষিত, রণবীর সিং, শহীদ কাপুর, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া।
একনজরে ৫৯তম ফিল্মফেয়ার
সেরা ছবি: ভাগ মিলখা ভাগ
সেরা পরিচালক: রাকেশ ওমপ্রকাশ মেহরা (ভাগ মিলখা ভাগ)
সেরা অভিনেতা: ফারহান আকতার (ভাগ মিলখা ভাগ)
সেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন (গঁলিয়ো কি রাসলিলা—রাম-লীলা)
সেরা সহ-অভিনেতা: নাওয়াজউদ্দিন সিদ্দিকি (দ্য লাঞ্চ বক্স)
সেরা সহ-অভিনেত্রী: সুপ্রিয়া পাঠাক কাপুর (গঁলিয়ো কি রাসলিলা—রাম-লীলা)
সেরা সংগীত: জিৎ গাঙ্গুলি, মিথুন ও অঙ্কিত তিওয়ারি (আশিকি ২)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (তুম হি হো—আশিকি ২)
সেরা প্লেব্যাক গায়িকা: মোনালী ঠাকুর (সাওয়ার লু—লুটেরা)
সেরা গীতিকার: প্রসূন জোশি (জিন্দা—ভাগ মিলখা ভাগ)
সেরা নবাগত অভিনেতা: ধানুশ (রানঝানা)
সেরা নবাগত অভিনেত্রী: বানী কাপুর (শুধ দেশি রোমান্স)
সেরা নবাগত পরিচালক: রিতেশ বাত্রা (দ্য লাঞ্চ বক্স)
সেরা ছবি (সমালোচক): দ্য লাঞ্চ বক্স
সেরা অভিনেতা (সমালোচক): রাজকুমার রাও (শহীদ)
সেরা অভিনেত্রী (সমালোচক): শিল্পা শুক্লা (বিএ পাস)
সেরা চিত্রনাট্য: কাই পো চে
সেরা অ্যাকশন: ডি-ডে
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হিতেশ সোনিক (কাই পো চে)
সেরা কোরিওগ্রাফি: সমীর ও অরুশ তান্না (লহু মুহ লাগ গায়া, গঁলিয়ো কি রাসলিলা—রাম-লীলা)
সেরা সিনেমাটোগ্রাফি: কমলজিত নাগি (মাদ্রাজ ক্যাফে)
সেরা কস্টিউম: ভাগ মিলখা ভাগ
সেরা সংলাপ: সুভাষ কাপুর (জলি এলএলবি)
সেরা সম্পাদনা: ডি-ডে
সেরা প্রোডাকশন ডিজাইন: ভাগ মিলখা ভাগ
সেরা গল্প: সুভাষ কাপুর (জলি এলএলবি)
সেরা সাউন্ড ডিজাইন: মাদ্রাজ ক্যাফে
সেরা স্পেশাল এফেক্টস: ধুম থ্রি
আর ডি বর্মণ পুরস্কার: সিদ্ধার্থ মহাদেবান
আজীবন সম্মাননা: তনুজা
সনি ট্রেন্ডসেটার অব দ্য ইয়ার পুরস্কার: চেন্নাই এক্সপ্রেস
সাজিদুল হক
ফিল্মফেয়ার, ওয়ান ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর, বলিউড লাইফ অবলম্বনে