একঝাঁক শিল্পী শোনালেন নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে ‘এবার নিজের কথা কহো’ অনুষ্ঠানের শুরুতে ছিল সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে ‘এবার নিজের কথা কহো’ অনুষ্ঠানের শুরুতে ছিল সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

যানজট পেরিয়ে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের দর্শকসারি পূর্ণ করেছেন যাঁরা, তাঁরা ভাগ্যবান। কেননা, প্রায় ৩০ জন নজরুলসংগীতশিল্পী মঞ্চের ঠিক পেছনে অপেক্ষা করছিলেন। তাঁরা শোনাবেন নজরুলের গান।
গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে ছিল নজরুলের গান নিয়ে অনুষ্ঠান ‘এবার নিজের কথা কহ’। এতে গান শোনান নজরুলসংগীত সংস্থার একঝাঁক নবীন ও প্রবীণ শিল্পী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা হয়েছিল এই আয়োজন। সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, নজরুলের মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় পর্যায়ের অনেক অনুষ্ঠান থাকে। ফলে সেই দিন এই আয়োজন করা কঠিন। সেদিন মিলনায়তন না পাওয়াও অন্যতম কারণ। অনুষ্ঠানের শুরুতেই ছিল তাঁর স্বাগত বক্তব্য। আরও বক্তব্য দেন সংস্থার সভাপতি ও খ্যাতিমান শিল্পী খালিদ হোসেন।
নজরুলের গান যেন সঠিক বাণী ও সুরে গীত হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাঁদের সংস্থাটি।
গান শুরুর আগে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সংস্থার কার্যনির্বাহী পরিষদের সবাইকে মঞ্চে ডেকে নেওয়া হয়।
সংস্থার শিল্পীদের সমবেত কণ্ঠে ‘জাগো অমৃত পিয়াসী’ এবং ‘মৃত্যু নাই নাই দুঃখ’ সম্মেলক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই একক গান করেন খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী খান, ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, নাসিমা শাহীন ফ্যান্সি, বিজনচন্দ্র মিস্ত্রী। এ ছাড়া গান করেন সংস্থার তরুণ শিল্পীরা।
মিলনায়তনের বাইরে আড্ডারত অবস্থায় দেখা যায় আবৃত্তিকার শিমুল মুস্তাফাকে। এই অনুষ্ঠানেই আবৃত্তি করার কথা রুপা চক্রবর্তী।