
‘তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা’। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে নজরুলের এই গানটি গাইছিলেন রাঙামাটির সঙ্গীতা দাশ। দর্শকে ঠাসা মিলনায়তনের এই অনুষ্ঠানে একক নজরুলসংগীত শোনান ঢাকা ও ঢাকার বাইরের ৩০ জনের বেশি শিল্পী। শুক্রবার সেখানে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন।
গতকাল সন্ধ্যায় এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানপর্বে কাজী নজরুল ইসলামের ‘আমি গগনে গগনে সন্ধ্যা তারায় কণক গাঁদার ফুল গো’ গানটির সঙ্গে নাচ পরিবেশন করে দীপা খন্দকার ও তাঁর দল।
সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় সকালে। বেলা ১১টা থেকে মূল মিলনায়তনে শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত ও স্বরলিপির ওপর প্রশিক্ষণ দেন ভারতের রণতিদেব মৈত্র, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও লীনা তাপসী খান।
বিকেলে কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলাম: আ চ্যাম্পিয়ন অব ট্রুথ অ্যান্ড জাস্টিস ইন দ্য গ্লোবাল ফ্রন্ট’ প্রবন্ধটি পাঠ করেন গুলশান আরা কাজী। প্রবন্ধটির ওপর আলোচনা করেন কবি মুহাম্মদ নূরুল হুদা এবং অধ্যাপক মোহীত-উল-আলম।
আজও বেলা ১১টা থেকে শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত ও স্বরলিপির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও নাচ। সোমবার সমাপনী অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি ছাড়াও থাকবে নাটক জাগো সুন্দর চির কিশোর।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন।
শুক্রবার বিকেলে জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তির্যক সম্মাননা পেলেন নাটকের চারজন
দেশের চার বিশিষ্ট নাটকের মানুষকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তির বছরব্যাপী আয়োজন শেষ করল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন তির্যক নাট্যদল। সম্মাননাপ্রাপ্তরা হলেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আতাউর রহমান ও নাসির উদ্দীন ইউসুফ। গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যমেলার সমাপনী অনুষ্ঠানে বরেণ্য এই চার ব্যক্তিত্বের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সঞ্চালনা করেন তির্যকের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার। শেষ দিন বিকেলে নাট্যশালা লবিতে চট্টগ্রামের আঞ্চলিক গান শোনান দলের সদস্যরা। সন্ধ্যায় মঞ্চস্থ হয় রক্তকরবী। এটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার।
সম্মাননা জানানোর আয়োজনটি ছিল সংক্ষিপ্ত। দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্বরা সম্মাননা গ্রহণ শেষে আয়োজক দল তির্যকের ভালো কাজের প্রশংসা করেন। কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তাঁরা। বলেন, চার দশকে তির্যক স্বদেশ এবং বিশ্ব নাট্যের গুরুত্বপূর্ণ রচনাগুলোকে মঞ্চে মূর্ত করার চেষ্টা করেছে স্বদেশ চেতনা আর বিশ্ববোধে উজ্জীবিত হয়ে। ঢাকার বাইরের দল হিসেবে রবীন্দ্র নাট্যচর্চায় প্রশংসার দাবিদার তির্যক নাট্যদল।
সভাপতির বক্তব্যে অধ্যাপক অনুপম সেন বলেন, ষাটের দশকের শুরুতে যেসব স্বপ্ন নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তার অনেক কিছুই স্তিমিত হয়ে গেলেও একটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পায়, সেটা হলো নাট্যচর্চা। আর এই নাট্যচর্চার সঙ্গে যাঁরা শুরু থেকে আজ অবধি কাজ করে যাচ্ছেন, তাঁরা হলেন আজকের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা।