একটা দিন বাংলা একাডেমিতে...

‘বছরের এই একটা দিনই আসা হয় এখানে। অপেক্ষায় থাকি এই দিনটার জন্য’—বলছিলেন বাংলা একাডেমির একজন প্রবীণ সদস্য। ভদ্রলোক পরিচয়টা গোপন রাখতে চাইলেন। কারণও ব্যাখ্যা করলেন, ‘মানুষ কি ভাববে বলেন, সারা বছরে একদিনের জন্য এসে একাডেমির সদস্য দাবি করি নিজেকে!ৎ’
গতকাল শনিবার এমন অনেক নবীন-প্রবীণ এসেছিলেন বাংলা একাডেমির সবুজ চত্বরে। তাদের উপস্থিতিতে হালকা শীতের সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে বাঙালি জাতিসত্তার প্রতীকী প্রতিষ্ঠান বাংলা একাডেমি। ফেলো, জীবনসদস্য, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির ঊনচল্লিশতম বার্ষিক সভা।
এ সভা থেকে বিভিন্ন অঙ্গনের কীর্তিমান ৭ বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় বাংলা একাডেমির এ বছরের সম্মানসূচক ফেলোশিপ। সেই সঙ্গে কবিতা, শিশুসাহিত্য এবং কথাসাহিত্যের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন লেখককে প্রদান করা হয় একাডেমি পরিচালিত তিনটি পুরস্কার। এ ছাড়া সভা থেকে ২০১৫-২০১৬ সালের একাডেমির বার্ষিক প্রতিবেদন এবং ২০১৬-২০১৭ সালের বাজেট উপস্থাপন করা হয়।
এবার আইন ও সুশাসন প্রতিষ্ঠানে অবদানের জন্য ফেলোশিপ পেয়েছেন ব্যারিস্টার রফিক-উল হক। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তোয়াব খানকে ফেলোশিপ প্রদান করা হয়। শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ফেলোশিপ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। মহান মুক্তিযুদ্ধের অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বেগম মুশতারী শফী। শিক্ষায় অবদানের জন্য ফেলোশিপ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। সংগীতে অবদানের জন্য কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এবং কৃষি উন্নয়নে অবদানের জন্য শাইখ সিরাজকে প্রদান করা হয়েছে ফেলোশিপ।
সভায় বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি আবুবকর সিদ্দিককে প্রদান করা বাংলা একাডেমি পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১৬। শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিশুসাহিত্যিক আখতার হুসেনকে প্রদান করা হয়েছে কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৫। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেনকে প্রদান করা হয় সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৬। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারের অর্থমূল্য হিসেবে এক লাখ টাকা এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা প্রদান করা হয় লেখকদের।

পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
সাধারণ সভায় সারা দেশ থেকে আসা বাংলা একাডেমির ফেলো, জীবন সদস্য এবং সদস্যসহ দুই সহস্রাধিক বিশিষ্টজন অংশগ্রহণ করেন। সভায় ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সারা দেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবন সদস্য ও সদস্যদের সম্মতিক্রমে অনুমোদনের ঘোষণা দেন বার্ষিক সাধারণ সভার সভাপতি এবং একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সকালে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে বাংলা একাডেমির প্রাঙ্গণে সভা শুরু হয়। এরপর দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন বাংলা একাডেমির উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ। প্রয়াত গুণীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ২০১৫-২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন এবং একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৬-২০১৭ সালের বাজেট উপস্থাপন করেন। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। একাডেমির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন। একাডেমির মহাপরিচালক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন। সাধারণ সভার কার্যক্রম সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন।