একটা শেষ না হতেই আরেকটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া  ছবি: প্রথম আলো
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ছবি: প্রথম আলো

ছবিতে আরিফিন শুভর অংশের কাজ শেষ। আর দুই দিন কাজ করলেই শেষ হবে নুসরাত ফারিয়ার ব্যস্ততাও। শেষ হবে প্রেমী ও প্রেমী ছবির শুটিং। কিন্তু এই জুটির ব্যস্ততা তো এত সহজেই শেষ হওয়ার নয়। প্রেমী ও প্রেমীর শুটিং শেষ হতে না–হতেই শুভ-ফারিয়া জুটি চুক্তিবদ্ধ হলেন নতুন আরেকটি ছবিতে। এবারের ছবির নাম ধেৎতেরিকি। এটি পরিচালনা করবেন শামীম আহমেদ।
ধেৎতেরিকি ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ প্রযোজিত এই ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে। নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে এরই মধ্যে নিশ্চিত করেছেন শুভ ও ফারিয়া। শুভ বলেন, ‘ছবিটিতে কাজের কথা চূড়ান্ত হয়েছে। ১০ ডিসেম্বর থেকে শিডিউলও নেওয়া হয়েছে আমার।’
আবারও শুভর সঙ্গে অভিনয়ের ব্যাপারে ফারিয়া বলেন, ‘আগে থেকেই শুভ আমার ভালো বন্ধু। প্রেমী ও প্রেমী ছবিতে অনেক মজা করে কাজ করেছি। বোঝাপড়ার জায়গাটাও অনেক ভালো আমাদের।’
ধেৎতেরিকি ছবিটি রোমান্টিক কমেডি ধাঁচের বলে জানিয়েছেন এর পরিচালক। তিনি বলেন, ছবিতে নায়িকার চরিত্রের মধ্যে একটা বিশেষত্ব আছে, সে লাঠিখেলায় পারদর্শী।
যৌথ প্রযোজনার এই ছবির ভারতীয় অংশের পরিচালক কে হবেন, তা এখনো ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে দুই দেশের অভিনয়শিল্পীর তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ছবিতে আরও অভিনয় করবেন রজতাভ দত্ত, অমিত হাসান, বিশ্বজিৎ সরকার, সুপ্রিয় দত্ত প্রমুখ।