
ব্যর্থতার ভ্রূণ থেকে কীভাবে সাফল্য জন্ম নেয়, জানেন? না জানলে আপনাদের জানতে হবে এই গল্প, যে গল্প ওয়ান ডিরেকশন নামের একটি ব্যান্ড দলের।
নিয়াল হোরান, জেইন মালিকা, লিয়াম পেইন, হ্যারি স্টাইলস ও লুইস টমলিনসন—এই পাঁচ তরুণ এসেছিলেন ‘এক্স-ফ্যাক্টর’ নামের একটি রিয়েলিটি অনুষ্ঠানে; নাম কামাবেন বলে। না, একসঙ্গে নন, এসেছিলেন আলাদা আলাদা। কিন্তু বয়েজ ক্যাটাগরিতে এই পাঁচজনই ব্যর্থ হন। ঠিক তখন অতিথি বিচারক নিকোল শেরজিঙ্গারের মাথা থেকে বেরোয় ভাবনাটা। এই পাঁচজনকে একসঙ্গে করে একটা ব্যান্ড বানিয়ে দিলে কেমন হয়?
যেই ভাবা, সেই কাজ। ভিন্ন ভিন্ন ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ব্রিটিশ রিয়েলিটি অনুষ্ঠানে হাজির পাঁচ সদ্য তরুণ চালিত হলেন অভিন্ন একটাই লক্ষ্যে, ওয়ান ডিরেকশন। মাত্র দুই সপ্তাহ সময় পেলেন তাঁরা একে অন্যকে জানতে। ব্যান্ড হয়ে উঠতে। আর তাতেই বাজিমাত।
না, এক্স-ফ্যাক্টরের সিজন সেভেন জেতা হয়নি ওয়ান ডিরেকশনের। হয়েছিল তৃতীয়। কিন্তু সেই ওয়ান ডিরেকশন এরই মধ্যে দুর্দান্ত কয়েকটি রেকর্ড গড়া সিঙ্গেলস, ২০১১ ও ২০১২ সালে প্রকাশিত দুটি অ্যালবাম দিয়ে এরই মধ্যে হয়ে উঠেছে বিশ্বের জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি।
এই পর্যন্ত পড়ে একটু ধন্দ জাগতে পারে। এই জায়গায় তো কোনো ব্যান্ড দলকে নিয়ে লেখা হওয়ার কথা নয়; এখানে লেখা হওয়ার কথা হলিউড নিয়ে। কোনো ছবি, কোনো অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে। ব্যান্ড দলকে নিয়ে তো লেখা হবে বিশ্বসংগীত বিভাগে। তাই তো? ঠিকই ধরেছেন। আইরিশ-ইংলিশ ব্যান্ড দল ওয়ান ডিরেকশন এবার দখল করে নিয়েছে হলিউডও। গত সপ্তাহে মুক্তি পেয়েছে দলটিকে নিয়ে বানানো কনসার্ট মুভি ওয়ান ডিরেকশন: দিস ইজ আস। আর সেই ছবি বেশ কিছুদিন ধরে বক্স অফিসের শীর্ষস্থানে গেড়ে বসা লি ড্যানিয়েলসের দ্য বাটলারকে হটিয়ে উঠে গেছে ১ নম্বরে।
সাইমন কাওয়েলের অনেক রকম পরিচয়। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় সম্ভবত তিনি পাকা জহুরি। রত্ন চিনতে তাঁর ভুল হয় না। ২০১০ সালের এক্স-ফ্যাক্টরে মেন্টর হিসেবে ওয়ান ডিরেকশনের গুরু ছিলেন তিনিই। ব্যান্ডটির উত্থান নিয়ে ছবি বানানোর পরিকল্পনাটাও সিংহভাগ এসেছে কাওয়েলের ক্ষুরধার মস্তিষ্ক থেকে। পরিচালক হিসেবে কাজ করেছেন মরগান স্পারলক। এমনিতে স্পারলক প্রামাণ্যচিত্র-নির্মাতা হিসেবে ওস্তাদ লোক বলেই পরিচিত। তার পরও এর আগে জাস্টিন বিবারকে নিয়ে বানানো একই ধরনের ছবি নেভার সে নেভার কিংবা কেটি পেরি: পার্ট অব মি নামের ছবি করেননি তিনি।
না করে ঠিকই করেছেন। প্রথম কনসার্ট ফিল্ম বানিয়েই একেবারে বাজিমাত করে দিয়েছেন এই পরিচালক। আর দশটা এ ধরনের ছবির মতো এখানেও কোনো বানোয়াট গল্প নেই। আসলে সেটার দরকারও ছিল না। ওয়ান ডিরেকশনের অবিশ্বাস্য দ্রুততায় বিশ্বমঞ্চে উত্থানই তো একটা চমক জাগানো রূপকথা। এই ছবিতে ওয়ান ডিরেকশনের কনসার্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে এক্স-ফ্যাক্টরে তাঁদের অংশ নেওয়ার আগে ও পরের বিভিন্ন ফুটেজ। আছে শৈশবের বেশ কিছু ছবিও। এরই মধ্য দিয়ে বলা হয়েছে উনিশ-কুড়ির এই পাঁচ তরুণের গল্প।
ভিনি ভিডি ভিসি। বহু ব্যবহারে ক্ষয়ে যাওয়ার পর এই প্রবচন বেশ জুতসইভাবে জুড়ে দেওয়া যায় তাঁদের নামের পাশে। তাঁরা সত্যিই এসেছেন, দেখেছেন আর জয় করেছেন। করছেন এখনো। সেই জয়যাত্রা অব্যাহত চলচ্চিত্রের রুপালি দুনিয়ায়।
ওয়ান ডিরেকশনের উত্থানটা সত্যিই বিস্ময়কর!
রাজীব হাসান
ইয়াহু মুভিজ অবলম্বনে