একটি অনন্য গীতিনৃত্যালেখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহ্নিশিখার অনুষ্ঠানটি মাতিয়ে দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের মঞ্জির সেন্টার ফর ড্যান্স কালচার l ছবি: হাসান রাজা
বহ্নিশিখার অনুষ্ঠানটি মাতিয়ে দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের মঞ্জির সেন্টার ফর ড্যান্স কালচার l ছবি: হাসান রাজা

নবাব সিরাজউদ্দৌলার পরাজয় থেকে বাংলার মুক্তিযুদ্ধ। এর মধ্যে কত সংগ্রাম, কত বিদ্রোহ। বাদ যায়নি সিপাহী বিদ্রোহ কিংবা বাংলার ভাষা আন্দোলন। নেপথ্যে এই সব সংগ্রামের গল্প, মঞ্চে নাচ। ইতিহাসের পট ধরে ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘বন্দে মাতরম’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘মুক্তির মন্দির সোপানতলে’, ‘ধনধান্য পুষ্পভরা’সহ অনেকগুলো গানের সঙ্গে নাচলেন শিল্পীরা।
গানে গানে আর নাচের মধ্য দিয়ে ইতিহাসের স্বাদ পেলেন সরকারি গণগ্রস্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উপস্থিত দর্শকেরা। স্বাধীনতার মাসের শেষ দিনে দিবসটি উপলক্ষে গতকাল সন্ধ্যায় ‘বহ্নিশিখা’ এ আয়োজন করে। ‘স্বাধীনতা সংগ্রাম’ নামের এই গীতিনৃত্যালেখ্য পরিবেশন করে কলকাতার ‘মঞ্জির সেন্টার ফর ডান্স অ্যান্ড কালচার’। এর আগে ‘গেরিলা আমরা, আমরা গেরিলা’ গানের সঙ্গে একটি নাচ পরিবেশন করেন দলটির শিল্পীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘দুই দেশের সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হয়ে উঠব। শিগগির কলকাতায় একটি সাংস্কৃতিক কেন্দ্র চালু করবে বাংলাদেশ। এ ছাড়া পয়লা বৈশাখে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল ভারতে যাবে। গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন বহ্নিশিখার সাধারণ সম্পাদক রুপু খান। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ঢাকাস্থ ভারতের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম সচিব সিদ্ধার্থ চট্টোপাধ্যায় ও ‘মঞ্জির সেন্টার ফর ড্যান্স অ্যান্ড কালচার’-এর শিল্পী ও নৃত্যনির্দেশক মালঞ্চ ঘোষকে।