একটি অন্যরকম প্রেমের গল্প
জয় ও পলির প্রেমের শুরুটা আর দশটা সাধারণ প্রেমকাহিনির মতোই। জয় একদিন রেস্তোরাঁয় বিল দিতে গিয়ে দেখে সে ওয়ালেট আনতে ভুলে গেছে। নিরুপায় হয়ে পলির কাছ থেকে টাকা ধার নিয়ে সে যাত্রায় রক্ষা পায়। টাকা ধার দেওয়ার অজুহাতে আর্ট গ্যালারিতে আবারও দেখা হয় দুজনার। সেখান থেকে পলির বাসা। অতঃপর প্রেম। পলির অতীত শুরু থেকেই তাকে তাড়া করে ফিরছে। প্রেমিক মামুন ছিল বিবাহিত। এত বড় কথাটি পলির কাছে গোপন করেছিল মামুন। এরপর থেকে আর মামুনের সঙ্গে যোগাযোগ রাখেনি পলি। তবে মামুন এখনো পলির কাছে ফিরে আসতে চাইছে। জয় পলির অতীত ভুলিয়ে দেয়। নতুন জীবনের সন্ধান দেয়। কিন্তু জয় নিজেও বেকার। সবকিছুই ঠিক ছিল, যতক্ষণ না আসলাম ওদের জীবনে আসে। এমনি এক প্রেমের গল্প নিয়ে তৈরি করা হয়েছে নাটক ‘একটি অন্যরকম প্রেমের গল্প’।উল্লেখ্য, ‘একটি অন্যরকম প্রেমের গল্প’ নাটকের মাধ্যমে প্রায় দুই বছর পর একসঙ্গে নাটকে অভিনয় করলেন তারিন ও আনিসুর রহমান মিলন। রুম্মান রশীদ খানের রচনা ও কৌশিক শংকর দাসের পরিচালনায় নাটকটি ১৯ সেপ্টেম্বর এনটিভিতে প্রচারিত হবে। এ ছাড়াও নাটকটিতে অনেক দিন পর সৈয়দ হাসান ইমামের সঙ্গে অভিনয় করেছেন তারিন।