একটি অসমাপ্ত ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামারি আধুরি কাহানি ছবিতে এমরান হাশমি ও বিদ্যা বালান
হামারি আধুরি কাহানি ছবিতে এমরান হাশমি ও বিদ্যা বালান

হিন্দি ‘আধুরি’ শব্দের অর্থ ‘অর্ধেক’ কিংবা ‘অসমাপ্ত’। সত্যি অসমাপ্ত। নামের সঙ্গে নাকি ভালোই মিলে গেছে হামারি আধুরি কাহানি ছবির বক্স অফিস রিপোর্ট। একই কথা বলিউডবোদ্ধাদেরও। তাঁদের ভাষা আরও কঠোর। বিদ্যা বালান-এমরান হাশমির এই ছবিকে তাঁরা কেউ এ যুগের চলচ্চিত্র বলতে চান না। তাঁদের মতে, এটা আশির দশকের হৃদয়ছেঁড়া কোনো প্রেমের গল্প। তা না হলে পিকু কিংবা তনু ওয়েডস মনু রিটার্নস-এর যুগে এমন জটিল প্রেমের গল্প এল কোথা থেকে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বলিউডে।
ছবি মুক্তির আগে নানা ধরনের প্রচার-প্রচারণার গোলক-ধাঁধা ফেঁদেছিলেন পরিচালক-প্রযোজকেরা। কিন্তু একই ফর্মুলা আর কত গিলবেন বলিউডপ্রেমীরা? প্রথম দেখায় প্রেম, হৃদয় নিংড়ানো প্রেমালাপ, নায়িকার চোখে জল, নায়কের ত্যাগ, এরপর বিচ্ছেদ। পরিচালক মোহিত সুরির ছবিগুলোতে এমনই হয়ে আসছে। মনে পড়ে আশিকি টু আর এক ভিলেন ছবির কথা? সেই একই সূত্রে এবারও এগোতে চেয়েছিলেন এই নির্মাতা। কিন্তু নতুন মোড়কে পুরোনো সেই জিনিস আর কত দিন চলে? তাই তো, যা হওয়ার, তা-ই হলো। অনেক বুলি আওড়ানো হামারি আধুরি কাহানি মুক্তির প্রথম সপ্তাহে এসেই ঝিমিয়ে পড়ল। পেছনে এর প্রভাব পড়েছে এমরান হাশমি আর বিদ্যা বালানের মতো শিল্পীদের ওপর। তাঁদের কপালে জুটল ‘অপয়া’র তকমা!
কেন অপয়া? কারণ, এই দুজনের ঝুলিতেই এখন পরপর কয়েকটি ব্যর্থ ছবির দায় জমেছে। তাই অনেক আশা নিয়ে ‘হিট’ বলিউড নির্মাতা মোহিতের ওপর আস্থা করেছিলেন। দিয়েছিলেন নিজেদের শতভাগ। কিন্তু বলিউডের চলচ্চিত্র সমালোচকদের মতে, দুর্বল গল্প, অস্পষ্ট সম্পাদনা আর অতিনাটকীয় সংলাপের কারণে মার খেয়ে গেল শিল্পীদের দারুণ অভিনয়। না ছবির শুরুটা স্পষ্ট, না শেষটা দেখার মতো। রসিক সমালোচকেরা বলছেন, উপকরণ সব ঠিকঠাক ছিল। রাঁধুনি সময়ের আগেই তা উনুন থেকে নামিয়ে নিয়েছেন! অর্থাৎ রান্নাটা অসমাপ্তই রয়ে গেছে!
অনেক দুষ্টু সমালোচক বলছেন, এমরান হাশমি এ ছবিতে তাঁর স্বরূপে আসেননি বলেই নাকি এ ছবি দর্শক টানতে পারছে না। অর্থাৎ এ ছবিতে ‘সিরিয়াল কিসার’ এমরান ‘সুবোধ’ বালক হয়ে গেছেন বলেই নাকি বেধেছে যত গোল! অন্যদিকে, বিদ্যাকে সবাই ফিসফিসিয়ে বলছেন, ‘বিয়েটা না করলেই পারতে!’
সত্যিই তো, বিয়ের পর মুক্তি পাওয়া ববি জাসুস, ঘনচক্কর কিংবা এবারের হামারি আধুরি কাহানি—সবই তো ফ্লপ।
তবে এমন অন্ধকারে ঢিল ছুড়লে কী হবে? বিদ্যা আর এমরান চেষ্টা তো কম করেননি। ২০১৫ সালে বিদ্যা বলিউডে তাঁর দশম বছর আর এমরান ১২তম বছর উদ্যাপন করতে চেয়েছিলেন এই ছবি দিয়ে। কিন্তু বক্স অফিসে হামারি আধুরি কাহানির এমন পিছিয়ে পড়া তাঁদের চিন্তায় ফেলেছে। ছবির গানগুলো যথেষ্ট শ্রোতাপ্রিয় হলেও, তা এখন দর্শকদের হলে টানতে পারছে না।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আর বলিউডবিষয়ক ওয়েবসাইটগুলোতে এখন শুধু হামারি আধুরি কাহানি নিয়েই আলোচনা। সবার প্রশ্ন একটাই, নামকরণের এতটা সার্থকতার আদৌ দরকার ছিল?
এনডি টিভি, বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে।